সাহাদুল ইসলাম, হরিহারপাড়াঃ মোবাইল ও অনলাইন গেমের প্রতি বাড়তে থাকা আকর্ষণের মাঝে যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল মুর্শিদাবাদের হরিহরপাড়ার জিতেরপুর জীবনসাথী ক্লাব। ক্লাবের উদ্যোগে জিতেরপুর হাইস্কুলের মাঠে আয়োজন করা হয় আট দলের নকআউট ফুটবল টুর্নামেন্ট। খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এলাকার ক্রীড়াপ্রেমীরা উৎসবের মেজাজে ফুটবল উপভোগ করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য, ছোট থেকে বড়দের মধ্যে স্মার্টফোন ও অনলাইন গেমের প্রতি বাড়তে থাকা আকর্ষণ কমিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুবসমাজকে মাঠমুখী করা।
আট দলের ফুটবল টুর্নামেন্ট ঘিরে উৎসবের মেজাজ
জিতেরপুর হাইস্কুলের মাঠে আয়োজিত এই নকআউট ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের লড়াইয়ে জমে ওঠে গোটা পরিবেশ। এই খেলায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শামসুজ্জামান ওরফে অ্যান্টনি, বিশিষ্ট নেতা লালন শেখ-সহ এলাকার জগন্নাথ হালদার ও কুড়মোল পারমানিক।
যুবসমাজকে মাঠমুখী করাই জীবনসাথী ক্লাবের উদ্যোগ
বর্তমানে ছোট থেকে বড়, অনেকেই স্মার্টফোন ও অনলাইন গেমে দীর্ঘ সময় কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে জীবনসাথী ক্লাবের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এলাকার ক্রীড়াপ্রেমীরা। তাঁদের আশা, আগামী দিনেও এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন হলে খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়বে এবং এলাকার মাঠগুলি আবারও খেলাধুলায় প্রাণ ফিরে পাবে।
