আজকের দিনেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই পরিস্থিতিতে শনিবার থেকেই কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎসহ দফায় দফায় বৃষ্টি হতে পারে (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি। বিশেষ করে কলকাতার কথা বললে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ সাধারণত মেঘলা থাকবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হতে পারে বজ্রবিদ্যুতও।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলবর্তী নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করছ। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ১ থেকে দুদিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়াও অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে। তাই এই জেলাগুলির বাসিন্দাদের প্রয়োজন ছাড়া অযথা বাইরে না যাওয়ার এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া
রবিবারের ছুটির দিন থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৭ জুলাই থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
