মাসের শুরুতেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে (Weather Today) । পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ঝড়-বৃষ্টির দাপট শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার থেকে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা-সহ বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আজ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)
আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি রয়েছে। এছাড়া আজ থেকে আগামী কয়েক দিন কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা আরও সক্রিয় হয়ে উঠবে এবং তার জেরেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বললে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম ও অসম হয়ে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত, যা মৌসুমী অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়েছে। এর পাশাপাশি পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় উত্তরবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাওয়ার পালা দক্ষিণবঙ্গের। দক্ষিণবঙ্গে কথা বললে এদিন পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় ভারী থেকে বিক্ষিপ্ত ঝড় জলের সম্ভাবনা রয়েছে।
