আবারও বদলে গেল বাংলার আবহাওয়ার চিত্র। কয়েকদিনের গরম ও অস্বস্তিকর পরিস্থিতির পর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্যজুড়ে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি (Weather Update)। মঙ্গলবারের পর বুধবারও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলার নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে এবং বহু জায়গায় জলজটের সমস্যা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, আজও বৃষ্টি অব্যাহত থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। গতকালের পর আজ বুধবারেও শক্তিশালী বজ্রগর্ভ মেঘের কারণে তুমুল দুর্যোগ চলবে কলকাতা সহ জেলায় জেলায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ব্যাপক ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে উত্তর রাজস্থান থেকে উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, উত্তর বিহার থেকে উত্তর উপকূলীয় ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটিও অবস্থান পরিবর্তন করেছে। বর্তমানে এটি উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গ ও ওড়িশা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে নতুন করে বলার খুব একটা কিছু নেই, কারণ সেখানে এখনও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব স্পষ্ট। গত কয়েকদিনের মতো আজও একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবারও রাজ্যের আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।
