ভারি বৃষ্টির জেরে ২ দিন স্কুল বন্ধ, বড় ঘোষণা রাজ্য সরকারের

-

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে জলস্তর বাড়তে থাকায় দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে পরপর দু’দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। সেই বৈঠকের পরই ভারী বৃষ্টির পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় দু’দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

কোন দুই দিন বন্ধ থাকবে স্কুল?

প্রবল বৃষ্টিপাতের কারণে পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি বিবেচনা করে জেলার সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি এসএসকে ও এমএসকে স্কুলগুলিও এর আওতায় রয়েছে। আগামী ১৭ ও ১৮ আগস্ট পরপর দু’দিন পূর্ব মেদিনীপুরের সমস্ত সরকারি স্কুল বন্ধ থাকবে। এদিকে একটানা বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় নবান্ন থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই কৃষি দফতরের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গেও আলোচনা করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে খুব শীঘ্রই মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে ফের ভার্চুয়াল বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

- Advertisement -

উল্লেখ্য, এই প্রথমবারের মতো রাজ্য সরকারের তরফে মনসা পুজোয় ছুটি ঘোষণা করা হয়েছে। নবান্নের তরফে একেবারে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মনসা পুজো উপলক্ষ্যে বাঁকুড়া এবং পুরুলিয়ার সরকারি অফিস এবং স্কুলগুলিতে অর্ধ দিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর দুটোর পর আর কোনও রকম কাজ চলবে না এই স্কুল এবং সরকারি অফিসগুলিতে।

Breaking News