দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ! আজকের আবহাওয়া

জানারুল খান, কলকাতাঃ পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর প্রস্তুতির মাঝেই আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তায় থাকতে হতে পারে রাজ্যবাসীকে।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার মোটের উপর দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে দুর্যোগের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সমগ্র আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ড ও আশপাশের অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ থেকে কোঙ্কণ ও গোয়া পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটিও অবস্থান পরিবর্তন করেছে। বর্তমানে সেটি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিদর্ভ, মারাঠাওয়াড়া ও উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের উপর দিয়ে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

- Advertisement -

এর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এই অক্ষরেখাটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশার উপর দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত রয়েছে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেও আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

- Advertisement -

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়াতেও এদিন দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবারও রাজ্যের আবহাওয়ায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর—প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে নদিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিক আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News