নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি বাংলায়! দক্ষিণবঙ্গের ৩ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

জানারুল খান, কলকাতাঃ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের বদলেছে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে সপ্তাহের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষার বিদায়লগ্নে এমন আবহাওয়ার পরিবর্তনে স্বাভাবিকভাবেই বাড়ছে চিন্তা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশার উপর অবস্থানরত অতি গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে পারে।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝড় অবধি বয়ে যেতে পারে। তবে এদিন বৃষ্টির বেগ থাকতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলায়। আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, আজ মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রবল বজ্রপাতের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট চলতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও এদিন মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News