নিজস্ব সংবাদদাতা, মালদাঃ কালীপুজো ও ছট উৎসবকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইংরেজবাজার পুরসভার সভাকক্ষে এই বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, সদর মহকুমাশাসক সম্ভুদীপ সরকার-সহ জেলা ও পুরসভার আধিকারিকরা। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়েই মূলত আলোচনা হয়।
নৌকায় চেপে বিভিন্ন ঘাটের পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী
বৈঠক শেষে নৌকায় চেপে রামকৃষ্ণ মিশন ঘাট-সহ মালদা শহরের একাধিক বিসর্জন ও ছটের ঘাট ঘুরে দেখেন মন্ত্রী। পাশাপাশি জেলার বড় কালীপুজোগুলির প্রস্তুতি সম্পর্কেও খোঁজ নেন তিনি। মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ঘাটগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মালদায় এসেছেন। চোরবাজারের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও প্ররোচনা থেকে যাতে অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হবে।
ঘাটে সিসিটিভি ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা
নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উপরেও জোর দিচ্ছে প্রশাসন। মন্ত্রীর কথায়, বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হবে। ঘাটগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো, পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্পিডবোট ও নৌকাও রাখা হবে। সব মিলিয়ে কালীপুজো থেকে ছট—দুই উৎসবেই নিরাপত্তা নিশ্চিত করতে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে জেলা প্রশাসন।
