ভারতের কমিউটার বাইকের বাজারে আবারও নতুন চমক নিয়ে হাজির হয়েছে Hero MotoCorp। সংস্থা তাদের জনপ্রিয় Hero Passion+ মোটরসাইকেলের নতুন ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট লঞ্চ করেছে। আধুনিক ডিজাইন, উন্নত ব্রেকিং সিস্টেম এবং স্মার্ট প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই বাইকটি মূলত শহরের দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখেই আনা হয়েছে। সংস্থার দাবি, নতুন Hero Passion+ প্রতি লিটার পেট্রোলে সর্বোচ্চ ৭১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
কত দাম রাখা হল এই মডেলের?
নতুন Hero Passion+ Disc ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮৪,১২৮ টাকা। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে বাইকটি চারটি আকর্ষণীয় রঙে বাজারে আনা হয়েছে—হেভি গ্রে, নেক্সাস ব্লু, ডার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রে এবং পার্ল রেড। সংস্থার জানানো তথ্য অনুযায়ী, নতুন এই মোটরসাইকেলটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন Hero MotoCorp ডিলারশিপে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।
ডিজাইনে বিরাট পরিবর্তন
নতুন Hero Passion+ Disc-এ আগের তুলনায় আরও প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে রাইডার রিয়েল-টাইম মাইলেজ, ব্লুটুথ কানেক্টিভিটি, কল ও এসএমএস অ্যালার্ট এবং সার্ভিস রিমাইন্ডারের মতো গুরুত্বপূর্ণ তথ্য এক নজরেই দেখতে পারবেন। এছাড়া বাইকটিতে রয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প।
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির BS-VI OBD-2 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.৯১ PS শক্তি এবং ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। Hero-র i3S (Idle Stop-Start System) প্রযুক্তির কারণে ট্রাফিক সিগন্যাল বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং ক্লাচ চাপলেই আবার চালু হয়, ফলে জ্বালানির সাশ্রয় হয়।
সংস্থার দাবি, এই মোটরসাইকেল প্রতি লিটারে সর্বোচ্চ ৭১ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। নিরাপত্তার দিক থেকেও নতুন মডেলটিতে যোগ করা হয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং উন্নত ব্রেকিং কন্ট্রোলের মতো একাধিক ফিচার, যা রাইডিংকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।
তবে শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে নয়, আরামের দিক থেকেও নজর কেড়েছে হিরো। নতুন Hero Passion+ গাড়িতে রয়েছে আরামদায়ক সিট, রিলাক্স রাইডিং পজিশন, বড় স্টোরেজ এবং মোবাইল চার্জ করার জন্য ইউএসবি চার্জিং পোর্ট। যার ফলে অফিস যাত্রা থেকে শুরু করে দীর্ঘ দূরত্বের সফর, সবেতেই মিলবে আরাম। তাই যারা কম খরচে ধামাকাদার কোনও বাইক খুঁজছেন, তাদের জন্য নিঃসন্দেহে এটি হতে পারে সেরা বিকল্প।
