সাদিকুল খান, কলকাতাঃ ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় এবার লিখিত জবাব দিতে হবে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির প্রেক্ষিতে নিজের বক্তব্য জানানোর জন্য কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলাটির শুনানি হয়। এবার নির্ধারিত সময়ের মধ্যে শুভেন্দু অধিকারী কী জবাব দেন, সেদিকেই নজর রয়েছে।
কী বলছেন মমতা ব্যানার্জির আইনজীবী?
মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কলকাতা হাই কোর্টে এই নির্বাচনী মামলা দায়ের করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলায় ভবানীপুর কেন্দ্রের ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনের বিভিন্ন পর্যায়ে কী কী সমস্যা হয়েছিল, সেই বিষয়গুলিই মামলার আবেদনে তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।
মামলাকারী পক্ষের অভিযোগ, নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে এমন একাধিক অনিয়ম ঘটেছিল। বিশেষ করে ভোট গণনার দিনকে ঘিরে বেশ কিছু অভিযোগ সামনে আনা হয়েছে। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্টকে মারধর করে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে মামলায়।
এই মামলায় ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও আদালতে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাঁর দাবি ছিল, নন্দীগ্রাম নির্বাচনে যে আধিকারিক রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন, তাঁকেই ভবানীপুরেও একই দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক তথা বর্তমান মুখ্যসচিব মনোজ আগরওয়ালের ভূমিকা নিয়েও আদালতে প্রশ্ন তোলা হয়।
অন্যদিকে, এই মামলায় শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে লিখিত জবাব দেওয়ার জন্য আগেই সময় চাওয়া হয়েছিল। গত অগস্টে মামলার শুনানিতে তাঁর আইনজীবী জয়দীপ কর আদালতের কাছে সময় চান। এরপর বিচারপতি গৌরাঙ্গ কান্ত তিন সপ্তাহের সময় দিয়েছিলেন। এবার বৃহস্পতিবারের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবারের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য এদিন আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের নির্দেশ অনুযায়ী, ৪ মে ২০২৬ ভোট গণনার দিন কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে থাকা CCTV ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে। একইসঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সব বুথে ব্যবহৃত EVM-এর Control Unit, Ballot Unit এবং VVPAT মেশিনও নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া এই নথি ও মেশিনগুলি মুছে ফেলা, নষ্ট করা, পরিবর্তন করা, সরানো বা অন্য কোনওভাবে ব্যবহার করা যাবে না।
আদালতের নথি অনুযায়ী, ২৯ এপ্রিল ২০২৬ ভবানীপুরে ভোটগ্রহণ হয় এবং ৪ মে ফল প্রকাশিত হয়। ওই নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সেই ফলাফলই নির্বাচনী মামলার মাধ্যমে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। তবে মামলায় ওঠা অভিযোগগুলির সত্যতা সম্পর্কে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আদালত।
