ভরা বর্ষায় ইলিশের স্বাদই আলাদা। ভাপা, ভাজা বা পাতলা ঝোল তো প্রায় সব বাড়িতেই হয়। এবার একটু অন্যরকম স্বাদ চাইলে বানিয়ে ফেলুন টক-ঝাল-মশলাদার ইলিশের আচার। গরম ভাতের সঙ্গে এক টুকরো আচারই খাবারের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেবে।
ইলিশের আচার তৈরির উপকরণ
- ইলিশ মাছ – ৬-৮ টুকরো
- সর্ষের তেল – ১ কাপ
- সর্ষে বাটা – ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো – ১ চা চামচ
- লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
- শুকনো লঙ্কা – ৪-৫টি
- পাঁচফোড়ন – ১ চা চামচ
- মেথি – ½ চা চামচ
- রসুন কুচি – ৮-১০ কোয়া
- আদা বাটা – ১ চা চামচ
- ভিনেগার – ২ টেবিল চামচ
- চিনি – ১ চা চামচ (ঐচ্ছিক)
- লবণ – স্বাদমতো
যেভাবে বানাবেন
প্রথমে ইলিশের টুকরোগুলো ভালো করে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। একই তেলে পাঁচফোড়ন, মেথি ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর রসুন কুচি ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষে নিন। এরপর সর্ষে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা কষে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভিনেগার, চিনি (যদি ব্যবহার করেন) এবং স্বাদমতো লবণ দিন। এবার ভাজা ইলিশের টুকরোগুলো আলতোভাবে মিশিয়ে ৪-৫ মিনিট কম আঁচে রান্না করুন। শেষে উপরে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঠান্ডা করে সম্পূর্ণ শুকনো ও পরিষ্কার কাচের বোতলে ভরে রাখুন।
