গরমের ভ্যাপসা আবহাওয়ায় একটু ঠান্ডা, মিষ্টি আর সুস্বাদু কিছু খেতে কার না ইচ্ছে করে! আর এই সময় বাঙালির অন্যতম ভরসা হলো পাকা আম। বাজারে ইতিমধ্যেই পাকা আমের ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে, তাই অনেকেই আম দিয়ে নানা রকম সুস্বাদু রেসিপি বানাচ্ছেন বাড়িতে। আজ আমরা জানব পাকা আম দিয়ে কীভাবে সহজে তৈরি করা যায় দারুণ স্বাদের ম্যাঙ্গো কেক (Ripe Mango Cake)। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই নরম, মিষ্টি আর লোভনীয়—গরমের দিনে পরিবারের সঙ্গে উপভোগ করার জন্য একেবারে পারফেক্ট এই রেসিপি। রইল সহজ উপায়।
উপকরণ (Ripe Mango Cake)
পাকা আমের কেক বানাতে খুব বেশি কিছু লাগে না, ঘরোয়া কয়েকটি উপকরণ থাকলেই সহজে তৈরি করা যায় এই সুস্বাদু রেসিপি। এই কেক বানানোর জন্য লাগবে— পাকা আম, দুধ, চিনি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল, ঘি এবং বেকিংয়ের জন্য কাগজ।
রান্নার পদ্ধতি
পাকা আমের কেক বানাতে প্রথমে পাকা আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর একটি ব্লেন্ডারে আমের টুকরোগুলো দিয়ে মসৃণ করে ব্লেন্ড করে একটি পিউরি বা মিশ্রণ তৈরি করে নিন। অন্যদিকে একটি পাত্রে সামান্য দুধ ও চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সেই দুধ-চিনির মিশ্রণের মধ্যে আমের পিউরি ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে সব উপকরণ সুন্দরভাবে একসঙ্গে মিশে যায়।
এরপর আম, দুধ এবং চিনির মিশ্রণের মধ্যে ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা এক এক করে পরিমাণ অনুযায়ী মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখতে হবে, যতক্ষণ না সবটা মিক্সড হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য সাদা তেল। সবকিছু ভালো করে মেখে হয়ে গেলে একটি কেক বেকিং প্যানে কাগজ রেখে ওর মধ্যে ঘি ব্রাস করে ঢেলে দিতে হবে ওই কেকের মিশ্রণ। মাইক্রোওভেনে সময় সেট করে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি পাকা আমের কেক (Ripe Mango Cake)।
