সাদিকুল খান, কলকাতাঃ উপনির্বাচন মিটেছে মঙ্গলবারই। আর তার পরের দিন বুধবারই বড় সিদ্ধান্তের কথা জানালেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। রেজিনগর উপনির্বাচনের দিন পুলিশের সঙ্গে বচসা ও আটকের ঘটনাকে কেন্দ্র করে তিনি ‘অপমানিত’ বোধ করেছেন বলে জানিয়েছেন। এবার সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে আর কোনওদিন রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন হুমায়ুন। শুধু তাই নয়, নওদার বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবেন কি না, তা নিয়ে খুব শীঘ্রই সাধারণ মানুষের মতামত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর—দুই আসন থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে রেজিনগর আসনটি থেকে তিনি পদত্যাগ করায় সেখানে মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যেই ‘আইন ভাঙার’ অভিযোগে রেজিনগরে নিজের দলীয় কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ। প্রায় ১২ ঘণ্টা পুলিশি হেফাজতে থাকার পর রাত ৮টা নাগাদ ছাড়া পান হুমায়ুন। এরপর বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবারের ঘটনার জেরে ‘অপমানিত’ বোধ করার কথা জানিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।
আজকাল ডট ইন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবীর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই একজন পুলিশ সাব-ইন্সপেক্টর একজন বিধায়ককে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রায় ১২ ঘণ্টা আটকে রাখতে পারেন—এমন গণতান্ত্রিক ব্যবস্থাকে তিনি মেনে নিতে পারছেন না। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পুলিশমন্ত্রীকেও এড়িয়ে চলার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি গত দু’মাস ধরে রেজিনগরের সাধারণ মানুষের উপর পুলিশের অত্যাচার চলেছে বলেও অভিযোগ করেন হুমায়ুন।
তিনি স্পষ্ট জানান, শুভেন্দু অধিকারীর মতো পুলিশ মন্ত্রীর দয়াতে হুমায়ুন কবীর রাজনীতি করবেন না। তবে নওদার মানুষ তাঁকে ভোট দিয়ে, বিপুল পরিমাণে ভালোবাসা দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন এবং বিধায়ক করেছেন, তাই তাঁদের পরিষেবা দেবেন, কিন্তু বিধানসভায় যাবেন না বলেও স্পষ্ট জানান তিনি।
পাশাপাশি হুমায়ুন কবীর জানিয়েছেন, তিনি যে সমস্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য, তার মধ্যে মাইনরিটি অ্যাফেয়ার্স ও হাউস কমিটির বৈঠকেও আর যোগ দেবেন না। এমনকি অল পার্টি মিটিং কিংবা স্পিকারের ডাকা কোনও বৈঠকেও উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন তিনি। বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে তাঁকে রাখা হলেও সেখানেও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। হুমায়ুনের দাবি, বিধানসভায় তাঁর জন্য নির্দিষ্ট ৮৮ নম্বর আসনেও তাঁকে আর দেখা যাবে না। তিনি জানিয়েছেন, বিধানসভায় আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখোমুখি হতে চান না।
হুমায়ুন কবীরের অভিযোগ, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান হয়েও নিজের দলীয় কার্যালয়ে তিনি নিরাপদ ছিলেন না। তাঁর দাবি, সেখান থেকেই পুলিশ তাঁকে জোর করে তুলে নিয়ে যায় এবং তাঁর অনুপস্থিতির সুযোগে অবাধে ভোট লুট করা হয়েছে। এই ঘটনার পর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাঁর আস্থা নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন জানান, বিধায়ক হিসেবে মানুষের জন্য কাজ করে যাবেন, তবে আর বিধানসভায় পা রাখবেন না। তাঁর সিদ্ধান্ত, বিধানসভা বয়কট করেই নিজের দায়িত্ব পালন করবেন।
