CJP-র বিক্ষোভে যোগ দিয়ে বিপাকে ইমরান খান! দেশ ছাড়ার নির্দেশ

সাদিকুল খান, মুম্বইঃ মুম্বইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা ইমরান খান। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বলিউড অভিনেতা আমির খানের ভাইপো ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন নাগরিক হওয়ায় বিক্ষোভে অংশ নেওয়ার জেরে তাঁর বিরুদ্ধে অভিবাসন আইনের আওতায় পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই নির্দেশের বিষয়ে অভিনেতার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমরান। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জাইন মারি খান। বিক্ষোভ চলাকালীন তাঁদের আটক করে মুম্বই পুলিশ।

- Advertisement -

ইমরানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

ইমরান খান মার্কিন নাগরিক বলে দাবি করেছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। অভিনেতার নাগরিকত্বের বিষয়টি খতিয়ে দেখে তাঁকে ভারত থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন তিনি। তবে ইমরান পরবর্তীকালে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। ২০১১ সালে ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য সরকারি প্রক্রিয়া চলছে। সেই সময় তিনি আরও বলেছিলেন, ভারতীয় নাগরিক না হওয়ায় তিনি ভোট দিতে পারেন না।

‘মুম্বইয়ের বাসিন্দা হিসেবে এসেছি’

বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমরান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং মুম্বইয়ের একজন বাসিন্দা হিসেবেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের অবাধে চলাফেরা এবং নিজেদের বক্তব্য প্রকাশের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিনেতা। আটক হওয়ার পর পুলিশের গাড়ির ভিতর থেকে একটি ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। ছবিটির সঙ্গে মজার ছলে ইমরান লেখেন, তাঁকে নাকি ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।

- Advertisement -

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News