দেশের যোগ রাজধানী হিসেবে পরিচিত ঋষিকেশে গঙ্গার ওপর তৈরি হয়েছে এক অভিনব কাচের সেতু, যা পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে। চারপাশে সবুজ পাহাড়, ঘন অরণ্য আর প্রবল স্রোতে বয়ে চলা গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে এই সেতু দিয়ে হাঁটার অভিজ্ঞতা নিঃসন্দেহে হবে রোমাঞ্চকর। বিদেশের বিভিন্ন দেশে কাচের ব্রিজ দেখা গেলেও, সাসপেনশন ব্রিজের উপর কাচের হাঁটার পথ (Glass Walkway) তৈরি হওয়ার ঘটনা ভারতে এই প্রথম। স্বচ্ছ কাচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচে গঙ্গার প্রবল স্রোত দেখা যাবে।
গঙ্গার ওপর তৈরি হল কাচের কেবল সাসপেনশন ব্রিজ
ঋষিকেশের গঙ্গার ওপর পুরনো লক্ষ্মণ ঝুলা-র কাছেই তৈরি হয়েছে নতুন বজরঙ্গ সেতু। সেতুর মাঝখানে রয়েছে একটি কংক্রিটের রাস্তা, যা দিয়ে সাধারণ মানুষ হেঁটে চলাচলের পাশাপাশি মোটরবাইক নিয়েও যাতায়াত করতে পারবেন এবং এর জন্য কোনও আলাদা ফি দিতে হবে না। তবে সেতুর দু’পাশে তৈরি হওয়া বিশেষ গ্লাস ওয়াকওয়ে-তে হাঁটতে চাইলে নির্দিষ্ট প্রবেশমূল্য দিতে হবে। স্বচ্ছ কাচের ওপর দিয়ে নিচে গঙ্গার প্রবল স্রোত দেখতে দেখতে নদী পার হওয়ার এই অভিজ্ঞতা পর্যটকদের জন্য নিঃসন্দেহে এক অন্যরকম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।
গ্লাস ওয়াকওয়েতে হাঁটতে কত টাকা লাগবে?
বড়দের ১০০ টাকা এবং ছোটদের ৫০ টাকা ফি দিয়ে এই কাচের ওপর হেঁটে গঙ্গা পার করার স্বপ্ন পূরণ করতে হবে। তবে ফি নিয়ে যাবতীয় ব্যবস্থা এখনও না হওয়ায় তা চালু হয়নি এখনও। এই সেতু সারা রাত খোলা থাকবেনা। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কাচের ব্রিজ ধরে হাঁটাচলা করা যাবে।
