সাদিকুল খান, কলকাতাঃ রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (OHCHR)-এর মন্তব্যের কড়া প্রতিবাদ জানাল ভারত। দিল্লির সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করেছে নয়াদিল্লি। পাশাপাশি, এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনভিপ্রেত হস্তক্ষেপ বলেও উল্লেখ করেছে জেনিভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন। এক্স-এ প্রকাশিত একটি পোস্টে ভারতের তরফে জানানো হয়েছে, দেশে শান্তিপূর্ণ জমায়েতের অধিকার সংবিধান স্বীকৃত। তবে জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে।
জেনিভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের তরফে জানানো হয়েছে, দিল্লির সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের (OHCHR) মন্তব্য ভারতের নজরে এসেছে। ভারতের বক্তব্য, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে দেশে সংবিধান শান্তিপূর্ণ জমায়েতের অধিকার নিশ্চিত করেছে। পাশাপাশি, শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচারব্যবস্থা এবং মুক্ত সংবাদমাধ্যম এই অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের তরফে আরও বলা হয়েছে, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো এখানেও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শান্তিপূর্ণ জমায়েতের অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। প্রশাসন আইন মেনেই কাজ করে এবং কোনও অভিযোগ বা অসন্তোষের প্রতিকার চাইলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারেন।
দিল্লিতে বিক্ষোভ এবং তার জেরে জাতীয় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবহেই সামনে এসেছে এই বিতর্ক। এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (OHCHR) একাধিকবার শান্তিপূর্ণ জমায়েতের অধিকার রক্ষার উপর জোর দিয়েছে। সংস্থার বক্তব্য, শান্তিপূর্ণ বিক্ষোভের উপর প্রশাসন কোনও বিধিনিষেধ আরোপ করলে তা আইনসম্মত, প্রয়োজনীয় এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
তবে ভারতের বক্তব্য, দেশে শান্তিপূর্ণ জমায়েতের অধিকার সংবিধানের কাঠামোর মধ্যেই কার্যকর হয় এবং প্রশাসন আইন মেনেই পদক্ষেপ করে। কোনও অভিযোগের প্রতিকার চেয়ে নাগরিকদের আদালতে যাওয়ার সুযোগও রয়েছে বলে জানিয়েছে ভারত।
