ভারতের পাসপোর্ট ৮৪তম স্থানে, কমল ভিসামুক্ত দেশের সংখ্যা

সাদিকুল খান, কলকাতাঃ ভারতীয় পাসপোর্টের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্সের (Henley Passport Index) অক্টোবর ২০২৬-এর তালিকায় এক ধাপ এগিয়ে ৮৪তম স্থানে উঠে এসেছে ভারতীয় পাসপোর্ট। এই তালিকায় ভারতের সঙ্গে একই স্থানে রয়েছে আলজেরিয়া ও মৌরিতানিয়া। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে ভারতীয় পাসপোর্টের র‍্যাঙ্কিং ছিল ৮৫তম। গত ৯ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৫৫টি দেশে ভ্রমণ করতে পারেন। তবে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ভিসামুক্ত ভ্রমণের সুযোগ কমেছে। গত বছর ভারতীয় নাগরিকরা ৫৭টি দেশে আগাম ভিসা ছাড়া যাওয়ার সুবিধা পেয়েছিলেন।

- Advertisement -

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোনটি?

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১৯৩টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ নিয়ে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। অন্যদিকে, ১৮৮টি গন্তব্যে ভ্রমণের সুবিধা নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহি। ১৮৭টি গন্তব্যে প্রবেশাধিকারের সুযোগ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। এরপর ডেনমার্ক, ইতালি, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ফিনল্যান্ড এবং স্পেনের পাসপোর্ট ১৮৬টি গন্তব্যে ভ্রমণের সুবিধা নিয়ে যৌথভাবে চতুর্থ স্থান দখল করেছে। তালিকায় যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ স্থানে, যার পাসপোর্টধারীরা ১৮৪টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া যেতে পারেন। অন্যদিকে, ১৮০টি গন্তব্যে ভ্রমণের সুযোগ নিয়ে দশম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট।

প্রসঙ্গত, হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টকে র‍্যাঙ্ক করা হয়। কোনও দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কতগুলি গন্তব্যে ভ্রমণ করতে পারেন, মূলত তার ভিত্তিতেই এই তালিকা তৈরি হয়। এজন্য বিশ্বের ২২৭টি গন্তব্যের তথ্য বিশ্লেষণ করা হয় এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA)-এর ডেটা ব্যবহার করা হয়। এই র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতা এবং নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকারের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

- Advertisement -

ভারতীয় নাগরিকরা ভিসা ছাড়া কোন কোন স্থানে ভ্রমণ করতে পারেন?

ভারতীয় পাসপোর্টধারীরা আগাম প্রচলিত ভিসা ছাড়াই নেপাল, ভুটান, থাইল্যান্ড, বার্বাডোস, ফিজি, কাজাখস্তান, মালয়েশিয়া, মরিশাস, জ্যামাইকা, রুয়ান্ডা, ডোমিনিকা, সেনেগাল, মাইক্রোনেশিয়া, হাইতি এবং ভানুয়াতুর মতো একাধিক দেশে ভ্রমণের সুযোগ পান। তবে, প্রতিটি দেশের প্রবেশের নিয়ম, অনুমোদিত থাকার সময়সীমা এবং প্রয়োজনীয় নথিপত্র আলাদা হতে পারে। কিছু দেশে পৌঁছনোর পর ভিসা নিতে হয়, আবার কোথাও ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন হতে পারে। তাই বিদেশে যাওয়ার আগে ফ্লাইট বুকিংয়ের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ ভিসার নিয়ম এবং প্রবেশের শর্তাবলি যাচাই করে নেওয়া জরুরি।

- Advertisement -

উল্লেখ্য, হেনলির গ্লোবাল পাসপোর্ট র‍্যাঙ্কিং-এর সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানের পাসপোর্ট সবচেয়ে দুর্বল। দেশটি ১০৬তম স্থানে রয়েছে ও মাত্র ২২টি দেশে প্রি-ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পায়। দীর্ঘদিন ধরেই আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত, ফলে এর পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা কমেছে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News