সাদিকুল খান, কলকাতাঃ আহত ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ তথা সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী শেখ হামদান বিন মহম্মদ বিন রাশিদ আল মাকতুম। ককপিটে কুঠারের আঘাতে আহত হয়ে বর্তমানে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মিত। শনিবার হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শেখ হামদান। সহ-পাইলটের হামলায় আহত হওয়ার পরও স্মিত যেভাবে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন, তাঁর সেই সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করেন দুবাইয়ের যুবরাজ।
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ওই বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ১৮২ জন ছিলেন। সহ-পাইলটের হাতে কুঠারের আঘাতে রক্তাক্ত হয়েও কোনও রকমে ককপিটের দরজা খুলে দেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। তাঁর এই সাহসিকতার কারণেই বিমানযাত্রীরা হামলাকারীকে ধরে ফেলতে সক্ষম হন। ঘটনার পর স্মিতের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ একাধিক রাষ্ট্রনেতা। তাঁকে ‘সত্যিকারের নায়ক’ বলেও অভিহিত করা হয়েছে। এ বার সেই তালিকায় নাম লেখালেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী তথা দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রাশিদ আল মাকতুম।
আবু ধাবির হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। শনিবার হাসপাতালে গিয়ে স্মিতের সঙ্গে দেখা করেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রাশিদ আল মাকতুম। তাঁকে অভিবাদন জানিয়ে আলিঙ্গনও করেন যুবরাজ। দু’জনে বেশ কিছুক্ষণ কথাও বলেন। পরে সমাজমাধ্যমে স্মিতের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে তাঁর সাহস, দায়িত্ববোধ এবং যাত্রীদের জীবন বাঁচানোর জন্য তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন যুবরাজ। সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের তরফে স্মিতকে কৃতজ্ঞতাও জানান তিনি। স্মিত প্রসঙ্গে যুবরাজ মাকতুম লেখেন, “তিনি আমাদের দেশের একটি ইতিহাস, আদর্শের সঙ্গে জড়িত। এটা আমাদের কাছে গর্বের।”
ঘটনাচক্রে, ফ্লাইদুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনা নিয়ে শনিবারই প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। ঘটনার তিন দিন পর দেওয়া ওই বিবৃতিতে ককপিটে পাইলটের উপর হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, অভিযুক্ত উগ্র মতাদর্শে দীক্ষিত ছিল এবং বিমানটি ধ্বংস করে ইজ়রায়েলি নাগরিকদের হত্যাই ছিল তার উদ্দেশ্য। ইজ়রায়েলের তরফেও গোটা ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
