হাওড়া স্টেশন থেকে কাটোয়া, যাত্রীদের জন্য একের পর এক সুবিধা আনছে ভারতীয় রেল

-

ভারতের অন্যতম ব্যস্ত ও ঐতিহাসিক হাওড়া স্টেশন (Howrah Station)-এর পরিকাঠামো আরও উন্নত করতে একাধিক প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। সেই ধারাবাহিকতায় সম্প্রতি স্টেশনে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই প্ল্যাটফর্ম তৈরিতে প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে এবং জুলাই মাস থেকেই এটি সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। নতুন প্ল্যাটফর্ম চালু হলে ট্রেন পরিচালনা আরও সহজ হবে, পাশাপাশি যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ এবং পরিষেবার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। শুধু হাওড়া স্টেশনই নয়, হাওড়া ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নের কাজ জোরকদমে চলছে।

হাওড়া ডিভিশনের স্টেশনগুলিকে নতুনভাবে সাজানো হচ্ছে

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া স্টেশনের ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে দীর্ঘ দূরত্বের বড় ট্রেনগুলি আরও সহজে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে। পাশাপাশি স্টেশনে আধুনিক রুট রিলে ইন্টারলকিং (Route Relay Interlocking বা RRI) ব্যবস্থা বসানোর কাজও চলছে।

- Advertisement -

শুধু হাওড়া স্টেশন নয়, হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনেও যাত্রী পরিষেবা উন্নত করতে একাধিক পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। লিলুয়া, তারকেশ্বর, আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া এবং ডানকুনি-সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নতুন ফুট ওভারব্রিজ (Foot Overbridge) নির্মাণ করা হয়েছে বা কাজ প্রায় শেষের পথে। এছাড়া যাত্রীদের সুবিধার জন্য ইতিমধ্যেই ৮টি স্টেশনে মোট ১৫টি লিফট চালু হয়েছে। রেল সূত্রে আরও জানা গেছে, আগামী দিনে হাওড়া, বালি, বেলুড়, শেওড়াফুলি, তারকেশ্বর, রিষড়া, চন্দননগর এবং ব্যান্ডেল-সহ একাধিক স্টেশনে নতুন লিফট স্থাপনের কাজও শুরু করা হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে।

এছাড়াও রেল সূত্রে জানা গেছে, মোট ৯টি স্টেশনে ৭৯ কোটি টাকা খরচ করে এস্কেলেটর বা চলন্ত সিঁড়ি বসানো হবে। এই স্টেশনগুলি হল – বালি, শেওড়াফুলি, বর্ধমান, আজিমগঞ্জ, চন্দননগর, বোলপুর, রামপুরহাট, কাটোয়া এবং অম্বিকা-কালনা।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News