রেল যাত্রীদের জন্য সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তাহলে এই খবরটি আপনার জন্য জানা জরুরি। বিশেষ করে টিকিট না কেটে ভ্রমণের অভ্যাস থাকলে এবার বাড়তে পারে সমস্যাও (Railway Fine)। ভারতীয় রেলের তরফে বিনা টিকিটে ট্রেনে যাত্রার ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এতদিন যে পরিমাণ জরিমানা নেওয়া হত, তা দ্বিগুণ করা হবে এবং এই পরিবর্তন আগামী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
জরিমানা টাকার দ্বিগুণ করল রেল (Railway Fine)
রিপোর্ট অনুযায়ী, রেল মন্ত্রক টিকিট ছাড়া ভ্রমণের জন্য সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করেছে। এই নতুন নিয়ম ২০২৬ সালের ১ জুলাই থেকে দেশব্যাপী কার্যকর হবে। রেলওয়ে বোর্ড ১৮ জুন সমস্ত রেলওয়ে জোনকে নতুন নিয়ম সম্পর্কে অবহিত করে একটি আদেশ জারি করেছে। শুধু তাই নয়, অন্যের নামে বুক করা টিকিটে ভ্রমণকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলের নতুন নিয়ম অনুযায়ী, অন্যের নামে বুক করা টিকিট ব্যবহার করে কোনো যাত্রী ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট টিকিটটি সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হতে পারে। শুধু তাই নয়, সেই যাত্রীর কাছ থেকে সম্পূর্ণ যাত্রাভাড়ার পাশাপাশি অতিরিক্ত ন্যূনতম ৫০০ টাকা জরিমানাও আদায় করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে বিষয়টি আইনি পর্যায়ে গিয়ে আদালত পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে ট্রেন বা রেলস্টেশনের ভিতরে অনুমতি ছাড়া পণ্য বিক্রি করা বা যাত্রীদের জোর করে কিছু কেনার অনুরোধ করার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও এবার আরও কড়া অবস্থান নিয়েছে রেল কর্তৃপক্ষ।
একগুচ্ছ নিয়ম জারি রেলের
রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, অনুমতি ছাড়া ট্রেন বা রেলস্টেশন চত্বরে পণ্য বিক্রি, যাত্রীদের বিরক্ত করা বা অননুমোদিত কার্যকলাপের ক্ষেত্রে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কোনো ব্যক্তি জরিমানা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রযোজ্য হতে পারে। একই অপরাধ বারবার করলে শাস্তির মাত্রা আরও বেড়ে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ট্রেন ও স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি রোধেও কড়া নজরদারির কথা জানানো হয়েছে। এছাড়া মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করা, সহযাত্রীদের গালিগালাজ করা বা ট্রেনের পরিবেশ নষ্ট করার মতো ঘটনার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া, জরিমানা করা বা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই আগামী জুলাই মাস থেকে ট্রেনে ভ্রমণের আগে নিয়মগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
