ভারতীয় চালের দাম বাড়ল, চাপে বাংলাদেশসহ এশিয়ার বাজার

জানারুল খান, কলকাতাঃ আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে ভারতীয় চালের (Indian Rice) রপ্তানি মূল্য। রুপি শক্তিশালী হওয়া এবং ধানের জোগান নিয়ে উদ্বেগের জেরে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে ভারতীয় চালের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। রপ্তানিকারকদের একাংশের দাবি, পর্যাপ্ত বৃষ্টির অভাবে দেশের কয়েকটি রাজ্যে ধানের উৎপাদন কমেছে। এর প্রভাব পড়েছে এশিয়ার চালের বাজারেও।

- Advertisement -

আন্তর্জাতিক বাজারে বাড়ল ভারতীয় চালের দাম

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক পরিসংখ্যানে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের রপ্তানি মূল্য বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের দাম প্রতি টনে ৩৮৪ থেকে ৩৮৯ ডলারে পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল ৩৭৮ থেকে ৩৮৪ ডলারের মধ্যে। অন্যদিকে, ৫ শতাংশ ভাঙা সাদা চালের রপ্তানি মূল্য প্রতি টন ৩৮৫ থেকে ৩৯০ ডলারের মধ্যে রয়েছে। মুম্বইয়ের এক রপ্তানিকারকের মতে, দেশের অভ্যন্তরীণ বাজারে ধানের জোগান সীমিত থাকায় চালের দাম বাড়ছে।

থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দামও ঊর্ধ্বমুখী

তবে শুধু ভারত নয়, ভিয়েতনাম ও থাইল্যান্ডের চালের দামও বেড়েছে। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দাম প্রতি টন ৪৪০ থেকে ৪৫০ ডলারে পৌঁছেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৪২০ থেকে ৪৩০ ডলার। হো চি মিন সিটির এক ব্যবসায়ীর মতে, ফিলিপাইন ফের ভিয়েতনাম থেকে চাল কেনা শুরু করতে পারে। অন্যদিকে, ভিয়েতনামের কৃষি মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের বাকি সময়ে দেশটির চাল রপ্তানির পরিমাণ বাড়তে পারে।

- Advertisement -

চাপ বাড়ছে বাংলাদেশে

প্রধানত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং চালের দাম বেড়ে যাওয়ার কারণে গত সপ্তাহে বাংলাদেশ চালের দাম বেড়েছে। এক সপ্তাহ আগে যেখানে প্রিমিয়াম চালের দাম প্রতি কেজিতে 72 টাকা ছিল, সেটা বেড়ে বর্তমানে 74 থেকে 75 টাকা হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে চালের দাম বাড়ার প্রভাব পড়বে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে। তাঁদের সাংসারিক খরচ বিগত দিনগুলোর তুলনায় কিছুটা হলেও বেড়ে যেতে পারে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News