ফের কমল ভারতীয় টাকার দাম, ডলারের আজকের রেট কত?

-

মার্কিন ডলারের তুলনায় কিছুটা ঘুরে দাঁড়ানোর পর ফের চাপের মুখে পড়েছে ভারতীয় টাকা। সম্প্রতি ডলারের বিপরীতে রুপির দর প্রায় ৯৭-এর কাছাকাছি নেমে গিয়েছিল, পরে কিছুটা শক্তিশালী হয়ে ৯৫-এর আশপাশে চলে আসে। তবে গত তিন-চারটি সেশনে ফের রুপির দরপতন দেখা যাচ্ছে। আজও ভারতীয় মুদ্রার মূল্য ১০ পয়সা কমেছে। ফলে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৩১ টাকা, যেখানে আগের সেশনে এই হার ছিল ৯৫.২১ টাকা।

ডলারের আজকের রেট কত

পশ্চিম এশিয়ার সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও দ্রুত বেড়ে যায়। কিছুদিন আগেও ব্রেন্ট ক্রুডের দাম ৮০ ডলারের নিচে নেমে গেলেও পরে তা হঠাৎ ৮৫ ডলারের উপরে উঠে যায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয় এবং আমদানিনির্ভর দেশগুলির ওপর চাপ বাড়ে। ভারতও অপরিশোধিত তেলের চাহিদার বড় অংশ বিদেশ থেকে আমদানি করে, যার মধ্যে পশ্চিম এশিয়ার দেশগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেলের দাম বাড়লে তেল আমদানির জন্য বেশি ডলার খরচ করতে হয়, ফলে বাজারে ডলারের চাহিদা বাড়ে এবং তার প্রভাব পড়ে ভারতীয় টাকার দরে।

- Advertisement -

যদিও এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, দেশের ইতিবাচক বাজার দরপতনের এই প্রভাবকে কিছুটা হলেও সামলে ফেলেছে। হয়ত আগামী দিনে আবারও টাকা দাম ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াতে পারে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এই সপ্তাহে মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে ব্যবসায়ীরা সতর্ক থাকতে পারেন। কারণ, ডলার প্রতি ভারতীয় রুপির স্পট মূল্য আনুমানিক ৯৫ থেকে ৯৫.৬০ এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে। এমনকি ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপকারী সূচক অর্থাৎ ডলার ইনডেক্স আজ সকালে ০.১৩ শতাংশ বেড়ে লেনদেন হয় ৯৯.৬৬-তে।

অন্যদিকে, ডলারের তুলনায় ভারতীয় টাকার দর কিছুটা কমলেও দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩১ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশের ফরেক্স রিজার্ভ ১০.৫১২ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৬৯২.৮৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি দেশের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছে। আজ সেনসেক্স ৪৩.২৭ পয়েন্ট বেড়ে ৭৮,৫৪২.৪৪ পয়েন্টে এবং নিফটি ১৩.১৫ পয়েন্ট বেড়ে ২৪,৫৮৩.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, ডলারের বিপরীতে ভারতীয় টাকা ফের শক্তিশালী হলে শেয়ারবাজারেও তার ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Breaking News