সাদিকুল খান, কলকাতাঃ ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি (Indian Rupee)। টানা দরপতনের পর সোমবার লেনদেনের শুরুতেই প্রায় ১ শতাংশ শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রা। তেলের বাজারের পরিস্থিতি, তেল সংস্থাগুলির ডলার কেনার পরিমাণ কমে যাওয়া এবং স্পট মার্কেটে ডলারের চাহিদা হ্রাস পাওয়াকে রুপির এই উত্থানের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সম্ভাব্য হস্তক্ষেপও রুপির দাম বাড়াতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।
অনেকটাই বাড়ল ভারতীয় রুপির দাম
সোমবার বাজার খোলার পর ডলারের বিপরীতে ভারতীয় রুপির লেনদেন শুরু হয় ৯৫.৭৬-এ, যেখানে শুক্রবার এই হার ছিল ৯৬.৭৩। অর্থাৎ ডলারের তুলনায় রুপির মূল্য এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। তবে এই উত্থান সত্ত্বেও চলতি বছরে এখনও পর্যন্ত ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর প্রায় ৬.৬ শতাংশ কমেছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) রুপির উপর চাপ কমাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করে। অপরিশোধিত তেলের দাম বেশি থাকায় তেল বিপণনকারী সংস্থাগুলির ডলারের চাহিদা ক্রমাগত বাড়ছে। পাশাপাশি, রুপির দরপতন ঠেকাতে কর্পোরেট সংস্থাগুলির ডলারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে আরবিআই একাধিক পদক্ষেপ নেয়। এর পাশাপাশি, দীর্ঘ চার বছর পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তও ভারতীয় মুদ্রার উপর প্রভাব ফেলেছে।
তবে এদিন ডলারের বিপরীতে রুপির দাম বাড়লেও শেয়ার বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব। সেনসেক্স এবং নিফটি উভয়ই আজ অনেকটাই তলানিতে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, রুপির এই সামগ্রিক উত্থান দীর্ঘস্থায়ী হবে কিনা তা এখনই যাচাই করা সম্ভব নয়। যদি আগামী দিনগুলোতে তেলের দাম কমে, তাহলে আরও ঘুরে দাঁড়াতে পারে ভারতীয় রুপি। সবটাই নির্ভর করছে আরবিআই-র পদক্ষেপ এবং বৈশ্বিক অর্থনৈতিক সমীকরণের উপর।
