স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য সুখবর। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের INSPIRE Awards MANAK Scheme-এর মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের ১০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, নতুন ধারণা এবং উদ্ভাবনী ক্ষমতা গড়ে তোলা। ষষ্ঠ শ্রেণি বা তার ঊর্ধ্বে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা নিজেদের স্কুলের মাধ্যমে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। যারা চলতি শিক্ষাবর্ষে আবেদন করতে চান, তাদের জন্য নিচে আবেদন পদ্ধতি, যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
INSPIRE Awards MANAK Scheme 2026
| স্কলারশিপের নাম | INSPIRE Awards MANAK Scheme |
| প্রদানকারী সংস্থা | বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (DST) এবং ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (NIF)। |
| স্কলারশিপের পরিমাণ | ১০ হাজার টাকা। |
| আবেদনের যোগ্যতা | ন্যূনতম ষষ্ঠ শ্রেণি পাস। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | inspireawards-dst.gov.in |
INSPIRE Awards MANAK Scheme Eligibility Criteria
INSPIRE Awards MANAK Scheme-এ আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং ভারত সরকারের স্বীকৃত যেকোনো সরকারি বা বেসরকারি স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির নিয়মিত ছাত্র বা ছাত্রী হতে হবে। তবে একটি স্বীকৃত স্কুল থেকে সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে। এই ৫ জনের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণি থেকে সর্বাধিক ২ জন শিক্ষার্থী মনোনয়ন পেতে পারবেন। এছাড়া, উচ্চমাধ্যমিক স্তরে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এই স্কিমের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
INSPIRE Awards MANAK Scheme Benefits
INSPIRE Awards MANAK Scheme-এর সুবিধা: এই স্কিমে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে এককালীন ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি জাতীয় স্তরের প্রদর্শনীতে সুযোগ পাওয়া পড়ুয়ারা IIT, NIT-সহ দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ পাবেন। কোনো শিক্ষার্থীর উদ্ভাবনী ধারণা যদি ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় হয়, তাহলে সেটিকে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (NIF) এবং TIFAC-এর সহায়তায় পেটেন্ট করার সুযোগ দেওয়া হবে। এছাড়া, সেরা উদ্ভাবনী আইডিয়াগুলোকে দেশের মর্যাদাপূর্ণ ‘ফেস্টিভ্যাল অব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (FINE)’-এ প্রদর্শনের সুযোগও মিলবে।
INSPIRE Awards MANAK Scheme-এর নির্বাচন প্রক্রিয়া:
এই স্কিমে আবেদন জমা পড়ার পর প্রথমে জেলা ও রাজ্য স্তরে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলা নোডাল অফিসার (DNO) এবং রাজ্য নোডাল অফিসার (SNO)-দের নিয়ে গঠিত একটি জুরি প্যানেল স্কুলগুলির পাঠানো উদ্ভাবনী আইডিয়াগুলোর মূল্যায়ন করে সেরা প্রজেক্টগুলোকে জেলা ও রাজ্য স্তরের প্রদর্শনীর জন্য নির্বাচন করে। এরপর রাজ্য স্তরে নির্বাচিত সেরা প্রজেক্টগুলির মধ্যে থেকে দেশের ১,০০০টি সেরা উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে ন্যাশনাল লেভেল এক্সিবিশন অ্যান্ড প্রজেক্ট কম্পিটিশন (NLEPC) আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা জাতীয় স্তরে নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ পান।
INSPIRE Awards MANAK Scheme-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
আবেদন করার সময় শিক্ষার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে ছাত্র বা ছাত্রীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, আধার কার্ড, স্কুলের পরিচয়পত্র (আইডি কার্ড) এবং যে উদ্ভাবনী ধারণা বা প্রজেক্টের ভিত্তিতে আবেদন করা হবে তার সংক্ষিপ্ত বিবরণ।
INSPIRE Awards MANAK Scheme-এ আবেদন পদ্ধতি:
এই স্কিমে শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন না। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমেই সম্পন্ন হবে। তাই আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় সমস্ত নথি এবং নিজেদের উদ্ভাবনী আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে স্কুলে যোগাযোগ করতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ INSPIRE Awards MANAK-এর অফিসিয়াল পোর্টালে লগইন করে নির্বাচিত সর্বোচ্চ ৫ জন শিক্ষার্থীর তথ্য, উদ্ভাবনী আইডিয়া এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন। আবেদন সফলভাবে জমা হওয়ার পর স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট প্রদান করা হবে।
