ফোনে ফুল নেটওয়ার্ক সিগন্যাল দেখাচ্ছে, কিন্তু মোবাইল ডেটা কাজ করছে না—এমন সমস্যায় অনেকেই পড়েন। তবে সব সময় এর জন্য নেটওয়ার্ক সংস্থাই দায়ী নয়। অনেক ক্ষেত্রে ফোনের কিছু সাধারণ সেটিংস বা ছোটখাটো ত্রুটির কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে, যা কয়েক মিনিটের মধ্যেই ঠিক করা সম্ভব। বর্তমানে অনলাইন পেমেন্ট, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া কিংবা অফিসের কাজ—প্রায় সবকিছুর জন্যই ইন্টারনেট অপরিহার্য। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে প্রথমে ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস এবং নেটওয়ার্ক সংক্রান্ত বিষয় পরীক্ষা করে দেখলে সহজেই সমস্যার সমাধান মিলতে পারে (Mobile Internet Issue)।
Mobile Internet Issue: স্মার্টফোনে করতে হবে এই জরুরি সেটিংস
মোবাইল ডেটা কাজ না করলে প্রথমেই দেখে নিন আপনার দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেছে কি না। বিশেষ করে প্রিপেইড ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডেটা দেওয়া হয়, যা শেষ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহার করা যায় না। এছাড়া আপনি যদি রোমিং এলাকায় থাকেন এবং ফোনের Data Roaming অপশনটি বন্ধ থাকে, তাহলেও মোবাইল ডেটা কাজ করবে না। এই সমস্যা সমাধানের জন্য ফোনের Settings-এ গিয়ে Mobile Network বা Mobile & Internet বিভাগে প্রবেশ করুন এবং Data Roaming অপশনটি চালু (On) করে দিন। এরপর আবার মোবাইল ডেটা চালিয়ে দেখুন সমস্যার সমাধান হয়েছে কি না।
সিম স্লট চেক করুন
উপরের সেটিংস ঠিক করার পরেও যদি মোবাইল ডেটা কাজ না করে, তাহলে দেখে নিন যে সিম কার্ডটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সেটি ফোনের প্রাইমারি সিম স্লটে রয়েছে কি না। প্রয়োজন হলে ফোনটি বন্ধ করে সিম কার্ডটি খুলে প্রথম স্লটে বসিয়ে আবার চালু করুন। এরপরও সমস্যা থাকলে একটি সহজ উপায় হলো Airplane Mode চালু করা। ফোনটিকে প্রায় ১০ সেকেন্ড এয়ারপ্লেন মোডে রেখে আবার সেটি বন্ধ করুন। এতে ফোনের নেটওয়ার্ক সংযোগ নতুন করে রিফ্রেশ হয় এবং অনেক ক্ষেত্রেই মোবাইল ডেটা স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। যদি তবুও সমস্যা থেকে যায়, তাহলে মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে যোগাযোগ করা বা ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার বিষয়টি বিবেচনা করতে পারেন।
এই পদক্ষেপগুলোর পরেও যদি ইন্টারনেট কাজ না করে, তবে ফোনটি রিস্টার্ট (restart) করে দেখুন। এতে প্রায়ই কানেক্টিভিটি সমস্যা দুর হয়ে যায়। সমস্যাটি যদি তবুও থাকে, তবে আপনার টেলিকম অপারেটরের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন এবং তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন।
