যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ খুঁজছেন? সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর। বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে গবেষক (Researcher) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থী একটি গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন, যার অর্থায়ন করবে AICTE RPS (Research Promotion Scheme)। যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগে প্রজেক্ট অ্যাসোসিয়েট-I (Project Associate-I) পদে একজন গবেষক নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ₹৩৭,০০০ সম্মানী দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রকল্পের মেয়াদ ২৭ মাস, তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এ চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে, যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। এছাড়া অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়াই উচিত।
এই পদে প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ৭ আগস্ট থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত নিয়ম অনুযায়ী ইন্টারভিউতে অংশ নিতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় নথি, ইন্টারভিউয়ের সময় ও স্থান-সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং শর্তাবলি ওই বিজ্ঞপ্তিতেই বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে।
