কুসুম দাস, কলকাতাঃ বর্ষা এখনও বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরোপুরি বিদায় নেয়নি। তাই সময় থাকতে এই বর্ষাতেই ঘুরে আসতে পারেন জগদলপুর (Jagdalpur)। বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো। চারপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর ঝরনার জলধারা—সব মিলিয়ে জগদলপুর যেন প্রকৃতির নিজস্ব হাতে সাজানো এক অপূর্ব জায়গা। বর্ষায় কোথায় ঘুরতে যাওয়া যায়, এমন প্রশ্ন অনেকের মনেই থাকে। সেই প্রশ্নের দারুণ একটি উত্তর হতে পারে জগদলপুর। পাহাড়ের পাশাপাশি ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত দেখতে চাইলে এই জায়গা আপনাকে নিরাশ করবে না।
বর্ষায় ঘুরে আসুন জগদলপুর
বর্ষা মানেই প্রকৃতির নতুন করে সেজে ওঠা। কারও কাছে এই ঋতু যেমন মন ভালো করার, আবার কারও কাছে টানা বৃষ্টি একটু বিরক্তিরও কারণ। তবে বর্ষায় এমন কিছু জায়গা রয়েছে, যেখানে এই ঋতুর সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তেমনই একটি জায়গা হল ছত্তিশগড়ের জগদলপুর। বর্ষাকালে পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, চারপাশে সবুজের সমারোহ, পাহাড় বেয়ে নেমে আসা ঝরনা আর জলপ্রপাতের গর্জন—সব মিলিয়ে জগদলপুরের পরিবেশ হয়ে ওঠে একেবারে অন্যরকম। শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে চাইলে বর্ষায় জগদলপুর হতে পারে দারুণ একটি গন্তব্য।
কী কী দেখবেন?
জগদলপুরের বস্তার অঞ্চল এমনিতেই জলপ্রপাত, ঘন জঙ্গল এবং আদিবাসী সংস্কৃতির জন্য বেশ জনপ্রিয়। বর্ষাকালে এখানকার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে চিত্রকূট ও তিরথগড় জলপ্রপাত বর্ষার সময় পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। বস্তার জেলা প্রশাসনের তরফেও জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়কে চিত্রকূট ঘোরার উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বর্ষায় জগদলপুর গেলে এই জায়গাগুলি অবশ্যই ঘুরে দেখতে পারেন।
আরও পড়ুনঃ মিষ্টির দোকানে ছুটতে হবে না, বাড়িতেই বানান নরম রসমালাই
এছাড়াও জগদলপুরে রয়েছে ঐতিহাসিক বস্তার প্রাসাদ, যা জগদলপুর প্রাসাদ নামেও পরিচিত। দেখতে পারেন চিত্রধারা জলপ্রপাতও। ঘন জঙ্গল এবং পাথুরে ভূখণ্ডের মাঝে অবস্থিত এই জলপ্রপাত বর্ষাকালে বেশ মনোরম হয়ে ওঠে। উঁচু থেকে জল নেমে এসে নিচে একটি প্রাকৃতিক জলাশয় তৈরি করেছে।
প্রকৃতির পাশাপাশি বন্যপ্রাণী দেখতে চাইলে যেতে পারেন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে। কাঙ্গের নদীর নাম থেকেই এই জাতীয় উদ্যানের নামকরণ হয়েছে। জীববৈচিত্র্যে ভরপুর এই অরণ্যে বাঘ, বার্কিং ডিয়ার, স্লথ বিয়ার, হায়েনা, শেয়াল, কৃষ্ণসার হরিণ, হনুমান, নেকড়ে-সহ বিভিন্ন বন্যপ্রাণী এবং অসংখ্য সরীসৃপের দেখা মেলে। সবুজে ঘেরা জঙ্গল ও বন্যপ্রাণীর বৈচিত্র্যের কারণে প্রকৃতিপ্রেমীদের কাছে এই জায়গাটি সত্যিই বিশেষ আকর্ষণের।
কীভাবে যাবেন?
জগদলপুর আপনি সহজেই ট্রেনে করে আসতে পারেন। সেক্ষেত্রে জগদলপুর যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সরাসরি ট্রেন হলো 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেনটি রাত ১০:১০ মিনিটে ছাড়ে এবং প্রতিদিন চলে।
