ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব! জোয়ারের জলে ডুবল কাকদ্বীপ ও সাগরের ভেসেল ঘাট

নিজস্ব সংবাদদাতা,কাকদ্বীপঃ ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব এবং নদীতে জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৮ নম্বর ঘাট ও সাগরের কচুবেড়িয়া ঘাটে দেখা গেল উদ্বেগজনক ছবি। জোয়ারের জলে ডুবে গিয়েছে এলসিডি ভেসেল ঘাটের একাংশ। সেই জল পেরিয়েই একের পর এক মালবাহী লরি ও যাত্রীবাহী চারচাকা গাড়িকে পারাপার করতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে ঘাটে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। অন্যদিকে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গাড়ি পারাপার করতে গিয়ে চালকদের বেশ সমস্যার মুখে পড়তে হয়।

- Advertisement -

জোয়ারের জলে ডুবল ঘাটের নামার অংশ, বিপাকে চালকরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা, কাকদ্বীপ-সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা চারচাকা গাড়ি, ১২ চাকার লরি, ছোট হাতি এবং পর্যটকদের গাড়ি এই এলসিডি ভেসেলের মাধ্যমে নদী পারাপার করে। কিন্তু সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সকালে ভেসেলে করে বেশ কয়েকটি গাড়ি ও যাত্রী ঘাটে পৌঁছলেও, ততক্ষণে জোয়ারের জলে ডুবে গিয়েছিল ঘাটের নামার অংশ। ফলে জল পেরিয়েই গাড়িগুলিকে ঘাটের উপরে উঠতে দেখা যায়।

গাড়ির চাকা পর্যন্ত জলে, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

ঘাটে উপস্থিত মানুষের দাবি, কোনও কোনও গাড়ির চাকা পর্যন্ত জলে ডুবে যাচ্ছিল। জলমগ্ন অংশ দিয়ে গাড়ি চালাতে গিয়ে কয়েকজন চালককে দ্বিধাগ্রস্ত হতেও দেখা যায়। অন্যদিকে, নদীর জলের মধ্যে দিয়ে একের পর এক গাড়ি পারাপারের দৃশ্য দেখতে ঘাটে ভিড় জমান সাধারণ মানুষ। যদিও এই ঘটনায় কোনও অঘটনের খবর পাওয়া যায়নি, তবুও জোয়ারের সময় এভাবে জলমগ্ন ঘাট দিয়ে মালবাহী ও যাত্রীবাহী গাড়ি পারাপার কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা কতটা রয়েছে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

জেকে নিউজ ২৪
জেকে নিউজ ২৪https://jknews24.in/
JKNews24-এর অভিজ্ঞ সংবাদকর্মী ও সম্পাদকীয় টিমের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা খবর, রাজ্য, দেশ, বিশ্ব, চাকরি, শিক্ষা ও প্রযুক্তির নির্ভরযোগ্য আপডেট।
Breaking News