কালীপুজো-ছটপুজোয় বাজি পোড়ানোর নিয়মে বদল! কখন ফাটানো যাবে বাজি?

সাদিকুল খান, কলকাতাঃ কালীপুজো ও ছটপুজো উপলক্ষে বাজি পোড়ানো নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিবেশদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে দুই উৎসবেই নির্দিষ্ট সময়ের মধ্যে বাজি ফাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের আশপাশে বাজি পোড়ানো, নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার এবং ফানুস ওড়ানোর ক্ষেত্রেও একাধিক কড়া নিয়ম জারি করেছে প্রশাসন। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই নির্দেশিকাগুলি জানান স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ ও পুলিশ কমিশনার অজয় নন্দা। বৈঠকে উপস্থিত ছিলেন দমকলের ডিজি অনুজ শর্মাও।

- Advertisement -

কালীপুজো ও ছটপুজোয় বাজি পোড়ানোর সময়সীমা ঘোষণা রাজ্যের

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কালীপুজো বা দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। অন্যদিকে, ছটপুজোর ক্ষেত্রে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশদূষণ কমাতে সাধারণ মানুষকে শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের আবেদন জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, বাজির শব্দের মাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ ১২৫ ডেসিবেল এবং অন্যান্য বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবেল শব্দসীমার কথা উল্লেখ করা হয়েছে।

হাসপাতাল ও বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো নিষিদ্ধ

হাসপাতাল, নার্সিং হোম এবং বৃদ্ধাশ্রমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই এলাকাগুলিকে নীরব অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। পাশাপাশি, লোকালয়ের মধ্যে বাজির বাজার না বসিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে ফাঁকা জায়গায় বাজার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ বাজির ব্যবহার, তৈরি ও মজুতের বিরুদ্ধে অভিযানও চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই বড়বাজার থেকে ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আগামী দিনেও বাজি তৈরির কারখানা ও মজুতের জায়গাগুলিতে নিয়মিত তল্লাশি চালানো হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

- Advertisement -

ফানুস ওড়াতে লাগবে পুলিশের ও দমকলের অনুমতি

ফানুস বিক্রির উপর নিষেধাজ্ঞা না থাকলেও তা ওড়ানোর আগে দমকল ও পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে প্রশাসন। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, বাজি সংক্রান্ত কোনও অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হবে। নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন প্রশাসনের আধিকারিকেরা। উৎসবের আনন্দ বজায় রাখার পাশাপাশি পরিবেশদূষণ কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই কালীপুজো ও ছটপুজোকে ঘিরে এই বিধিনিষেধ কার্যকর করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News