সাদিকুল খান, কলকাতাঃ স্কুলের বাইরে দুই পড়ুয়ার মধ্যে বচসা থেকে শুরু হয় ঝামেলা। অভিযোগ, সেই বিবাদে নবম শ্রেণির দুই ছাত্রকে কাঁচি দিয়ে আঘাত করে দশম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। আহত দুই ছাত্রকে হালিসহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন তাঁদের অভিভাবকরাও। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুলের বাইরে কী নিয়ে শুরু হয়েছিল বচসা?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বুধবার হালিসহর থানার অন্তর্গত কাঁচরাপাড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে এই ঘটনা ঘটে। নবম শ্রেণির দুই পড়ুয়া নৈতিক ও সপ্তমের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় দশম শ্রেণির ছাত্র সুশোভন কাঁচি দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে দু’জনই জখম হয়। তাঁদের কপালে ও মাথার পিছনে আঘাত লাগে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় দুই ছাত্রকে দ্রুত উদ্ধার করে হালিসহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় তাঁদের পরিবারের সদস্যদের।
জানা গিয়েছে, টিউশন পড়তে যাওয়ার সময় গালিগালাজকে কেন্দ্র করে প্রথমে বচসার সূত্রপাত হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। তবে ঠিক কী কারণে এই বিবাদ শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। আহত এক ছাত্রের অভিভাবক জানান, তিনি অফিসে কাজ করছিলেন। সেই সময় স্কুল থেকে ফোন করে ছেলেকে মারধরের খবর দেওয়া হয়। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে শুনেই তিনি তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন।
প্রত্যক্ষদর্শীর বয়ানে কী জানা গেল?
এক প্রত্যক্ষদর্শী পড়ুয়ার দাবি, প্রথমে দশম শ্রেণির সুশোভন নবম শ্রেণির সপ্তমকে গালিগালাজ করছিল। এরপর ঝামেলা শুরু হলে কাঁচি দিয়ে সপ্তমকে আঘাত করে সে। নৈতিক বন্ধুকে বাঁচাতে গেলে তাকেও কাঁচি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার সম্পূর্ণ কারণ এখনও পরিষ্কার নয়।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্কুলের বাইরে ঠিক কী ঘটেছিল, তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হওয়ায় এখন পুলিশের অনুসন্ধানেই স্পষ্ট হবে, কীভাবে এই ঝামেলা এমন গুরুতর আকার নিল।
