নিজস্ব সংবাদদাতা,কান্দিঃ বিরল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কান্দি শহরের বাসিন্দা অঙ্কিতা দাস। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতালের CCU ও HDU বিভাগে রেখে শুরু হয় চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও চিকিৎসকদের তৎপরতায় ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন অঙ্কিতা।
চিকিৎসকদের প্রচেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অঙ্কিতা
জানা গিয়েছে, হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁর চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেন। দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরেন অঙ্কিতা দাস। তাঁর সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে পরিবারেও।
সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে নতুন করে আলোচনা
রাজ্যে সরকার পরিবর্তনের পর সরকারি স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং সাধারণ মানুষের সরকারি হাসপাতালের উপর আস্থা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে কান্দি মহকুমা হাসপাতালে বিরল রোগে আক্রান্ত এক রোগীর সফল চিকিৎসার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। অঙ্কিতা দাসের সুস্থ হয়ে বাড়ি ফেরা আরও একবার মনে করিয়ে দিল, সঠিক সময়ে চিকিৎসা ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় সরকারি হাসপাতালেও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়া সম্ভব।
