সাদিকুল খান, কলকাতাঃ ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর আত্মহত্যার হুঁশিয়ারি। তৃণমূলের উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়া হলে রাজ্য সরকারের দপ্তরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই দুই নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা নিয়ে নিজের আপত্তির কথা স্পষ্টভাবে জানিয়েছেন কৌস্তভ বাগচী। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়ার বিষয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় দল।
বিজেপি বিধায়কের বড় দাবি
ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী তৃণমূলের দুই নেতা উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর দাবি, এই দুই নেতাকে বিজেপির কর্মীদের সঙ্গে দেখে ব্যারাকপুরের মানুষ ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন না। কৌস্তভের কথায়, “উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে আমাদের দলের লোকজনের সঙ্গে দেখে ব্যারাকপুরের মানুষ খুব একটা ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন না। সমাজে খারাপ বার্তা যাচ্ছে! আমি দলের কাছে হাতজোড় করে অনুরোধ করব, এই ধরনের মানুষদের যেন দলে নেওয়া না হয়।
এদিন কৌস্তভ বাগচী আরও বলেন, তৃণমূলের এই নেতাদের বিজেপিতে নেওয়া হলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁদের দলে নেওয়া আটকাতে প্রয়োজনে রাজ্য বিজেপির দপ্তরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কৌস্তভের দাবি, তাঁর রাজনৈতিক অবস্থান ও দৃঢ়তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনও প্রশ্ন থাকার কথা নয়। নিজের বক্তব্যের সমর্থনে তিনি জানান, এর আগে তিনি সাড়ে তিন বছর মাথা কামিয়ে থেকেছেন।
উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার বলে এসেছেন বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। তবে এমন বক্তব্য সত্ত্বেও তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সদস্যদের দলে নিয়েছে রাজ্য বিজেপি। তাছাড়াও তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে অনেকেরই যোগদান হয়েছে! ভবিষ্যতে যাতে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের দলে নেওয়া না হয় তা নিয়ে যথেষ্ট সতর্ক পদ্ম শিবির।
