বড় চমক বিজেপির! বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হলেন কোয়েল মল্লিক

সাদিকুল খান, কলকাতাঃ জল্পনাতেই পড়ল সিলমোহর। বিজেপির রাজ্যসভার মনোনীত প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূলের হয়ে রাজ্যসভায় জেতা আসন ছেড়ে এবার বিজেপির প্রার্থী হিসেবে সামনে এলেন অভিনেত্রী। রবিবার বিজেপির প্রকাশিত রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম রয়েছে। আগামী ১৬ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে। ফলে এই আসনে বিজেপির জয়ের সম্ভাবনা তৈরি হওয়ায় রাজ্যসভায় দলের আরও একটি আসন বাড়তে চলেছে বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা।

- Advertisement -
বড় চমক বিজেপির! বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হলেন কোয়েল মল্লিক

আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন রাজ্যসভায় উপনির্বাচন। তার আগে রবিবার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিজেপি, যেখানে নাম রয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। অর্থাৎ তৃণমূলের পর এবার বিজেপির টিকিটে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন অভিনেত্রী। তৃণমূল সাংসদ পদ থেকে কোয়েল ইস্তফা দেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। রবিবারের প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশের পর সেই জল্পনাই নতুন মাত্রা পেল। কোয়েলের ছেড়ে আসা আসনেই এবার উপনির্বাচন হচ্ছে এবং সেই আসনেই বিজেপির হয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। আগামী ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে কোয়েলের। তবে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে তাঁকে বিজেপিতে যোগ দিতে হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, গত ২৬ ফেব্রুয়ারি কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল। ১৬ মার্চের নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি এবং ৬ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন। সেই বিশেষ দিনে দিল্লিতে মেয়ের পাশে ছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। উপস্থিত ছিলেন কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানে এবং ছেলে কবীরও। লাল পাড় সাদা শাড়িতে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন কোয়েল। পরবর্তীতে তাঁকে লেবার, টেক্সটাইল এবং স্কিল ডেভেলপমেন্ট কমিটির সদস্যও করা হয়। তবে সাংসদ হওয়ার পর একটি অধিবেশনেও যোগ দেননি কোয়েল। যদিও তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে তাঁকে দেখা গিয়েছিল।

- Advertisement -

তবে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর পরিস্থিতি বদলে যায়। তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে একের পর এক পরিবর্তন শুরু হয়। এরই মধ্যে গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল মল্লিক। এবার বিজেপির প্রার্থী হওয়ায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা আরও কমে ৯-এ দাঁড়াল। বিধানসভা নির্বাচনের আগে এই সংখ্যা ছিল ১৩। রাজ্যে দলের ফল খারাপ হওয়ার পর সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। পরে তাঁরা বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভার সদস্য হন। অন্যদিকে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভা সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে ৬। কোয়েল মল্লিক নির্বাচিত হলে সেই সংখ্যা বেড়ে ৭ হবে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News