জানারুল খান, কলকাতাঃ বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না! খাতায়-কলমে বর্ষাকাল শেষ হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও বৃষ্টির দাপট অব্যাহত। কখনও নিম্নচাপ, আবার কখনও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দিন-রাত চলছে বৃষ্টি। তবে এবার আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।
এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর, আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই নিম্নচাপটি বাংলার উপকূল থেকে অনেকটাই দূরে অবস্থান করবে, তাই এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা কম। ফলে আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া, কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং কোথায় আকাশ পরিষ্কার থাকতে পারে, এক নজরে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝেমধ্যে মেঘের আনাগোনা দেখা গেলেও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল বৃহস্পতিবার কলকাতার আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। এর মধ্যেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পরিমাণ কমলে মেঘ কিছুটা সরে গিয়ে রোদের দেখাও মিলতে পারে। সব মিলিয়ে আগামীকাল থেকেই কলকাতার আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি কমলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টির দাপট থাকলেও উত্তরবঙ্গে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। তবে সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি বদলাতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
