সাদিকুল খান, কলকাতাঃ উৎসবের মরশুমে কলকাতায় গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিশ। বুধবার সন্ধ্যায় ধর্মতলা বাসস্ট্যান্ডের কাছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশের নারকোটিক সেল। তল্লাশি চালিয়ে তিন যুবকের কাছ থেকে উদ্ধার হয় ১৪.৫৫৯ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের তিন যুবককে। পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে গাঁজা নিয়ে কলকাতায় এসেছিল তারা। শহরের বিভিন্ন এলাকায় খুচরো বিক্রেতাদের কাছে সেই মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
ধর্মতলায় সন্দেহ হতেই তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পাওয়ার পর বুধবার সন্ধ্যায় ধর্মতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছন গোয়েন্দা বিভাগের নারকোটিক সেলের আধিকারিকরা। সেখানে তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় ১৪.৫৫৯ কেজি গাঁজা। ধৃতদের নাম আব্দুল হক ওরফে বাবু, অঞ্জু শেখ এবং আতাবুর শেখ। তাঁদের মধ্যে আব্দুল হক ও অঞ্জু শেখ মুর্শিদাবাদের ইসলামপুর থানার কেশবপুরের বাসিন্দা। অন্যদিকে, আতাবুর শেখ রানিগঞ্জের বাসিন্দা। গ্রেফতারের পর তিনজনকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়।
ওড়িশা থেকে কলকাতায় মাদক পাচার, বড় চক্রের খোঁজে পুলিশ
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে কলকাতার বিভিন্ন এলাকায় তা খুচরো বিক্রেতাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। উৎসবের মরশুমে এই মাদক বিক্রি করে মোটা টাকা আয়ের ছক কষেছিল তারা বলে সন্দেহ তদন্তকারীদের। বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবার এই পাচারচক্রের পিছনে আর কারা রয়েছে, কোথা থেকে মাদক আনা হচ্ছিল এবং কলকাতার কোন কোন এলাকায় তা সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
