পুজোর আগে কলকাতায় বড় অভিযান! ডেকার্স লেনে নষ্ট ১০ কেজি লাড্ডু, মিষ্টিতে মিলল ছত্রাক

-

সাদিকুল খান, কলকাতাঃ পুজোর মুখে কলকাতা-সহ গোটা রাজ্যে খাদ্য সুরক্ষা নিয়ে জোরদার অভিযান চালাচ্ছে প্রশাসন। শনিবার কলকাতার অন্যতম পুরনো স্ট্রিট ফুড হাব ডেকার্স লেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি ও নিম্নমানের খাবার নষ্ট করে দিল কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর। অভিযানে প্রায় ১০ কেজি লাড্ডু এবং কয়েক কেজি বাসি মাখা সন্দেশ ফেলে দেওয়া হয়। অভিযোগ, লাড্ডুতে নিষিদ্ধ রং ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি মাখা সন্দেশের পাত্রে ছত্রাকেরও সন্ধান মেলে।১৩টি দোকানে তল্লাশি, নষ্ট করা হল বাসি ও নিম্নমানের খাবার

১৩টি দোকানে তল্লাশি, নষ্ট করা হল বাসি ও নিম্নমানের খাবার

শনিবার দুপুরে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের একটি দল ডেকার্স লেনের দু’পাশের অন্তত ১৩টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন খাদ্যসামগ্রীর নমুনা সংগ্রহ করে। দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা থাকলেও যেসব খাবারে উৎপাদন বা ব্যবহারের তারিখের কোনও উল্লেখ ছিল না, সেগুলিও ফেলে দেওয়া হয়। পুরসভার এক আধিকারিকের দাবি, কয়েকটি লাড্ডুতে অনুমোদনহীন ধাতব হলুদ রং ব্যবহার করা হয়েছিল, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

- Advertisement -

আরও পড়ুনঃ ‘রাম’ নামেই আর বিক্রি করা যাবে না? FSSAI-এর আপত্তিতে আইনি জটিলতা

FSSAI লেবেলহীন সস ও তারিখবিহীন খাবার বাজেয়াপ্ত

শুধু মিষ্টিই নয়, অভিযান চলাকালীন একাধিক দোকান থেকে FSSAI লেবেলবিহীন সসের বোতল এবং তারিখের উল্লেখ না থাকা হিমায়িত খাবারও বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়। দোকান মালিকদের খাদ্য সুরক্ষা সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের অভিযান আগামী দিনেও নিয়মিত চলবে।

- Advertisement -

জোড়াবাগান ও লেক মার্কেটেও হোটেল-রেস্তোরাঁয় অভিযান

ডেকার্স লেনের পাশাপাশি শনিবার জোড়াবাগান, লেক মার্কেট-সহ শহরের বিভিন্ন এলাকায় হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। ধর্মতলা সংলগ্ন একটি গোডাউনেও প্রচুর পরিমাণে ফেলে রাখা মিষ্টির সন্ধান পান আধিকারিকরা। অভিযোগ, সেই মিষ্টির মধ্যেও ছত্রাকের উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন রাস্তার ধারের খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও পড়ুনঃ রেশন কার্ডের E-KYC করা আছে কি? মোবাইলেই করুন স্ট্যাটাস চেক

পরীক্ষার জন্য সংগ্রহ ৯০১টি খাদ্যের নমুনা

এর আগে শুক্রবার পার্ক স্ট্রিটের একাধিক জনপ্রিয় রেস্তোরাঁয় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। সেখানে রান্নাঘর, খাদ্য সংরক্ষণের জায়গা, কাঁচা মাংস, সবজি এবং রান্না করা খাবারের মান খতিয়ে দেখা হয়। পিটার ক্যাট, আরসালান, কেএফসি, মোকাম্বো-সহ একাধিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। কোথাও কোথাও মেয়াদোত্তীর্ণ জলের বোতল রাখা এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে নোটিসও দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ১ থেকে ৮ সেপ্টেম্বর খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান ও বাজার মিলিয়ে ২,৩০০-র বেশি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়েছে। এখনও পর্যন্ত পরীক্ষার জন্য প্রায় ৯০১টি খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পুজোর আগে খাবারের মান বজায় রাখা এবং ভেজাল রুখতে প্রশাসনের এই ব্যাপক অভিযানকে কেন্দ্র করে শহরজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। খাদ্য সুরক্ষা বিধি না মানলে আগামী দিনেও আরও কড়া পদক্ষেপ করা হবে বলে ইঙ্গিত দিয়েছে পুরসভা ও স্বাস্থ্য দফতর।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News