কলকাতা মেডিকেলে নাবালকের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

সাদিকুল খান, কলকাতাঃ চিকিৎসায় গাফিলতির অভিযোগে কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হল ১১ বছরের এক নাবালকের। জানা গিয়েছে, আন্দুল রোড সংলগ্ন বকুলতলার বাসিন্দা চতুর্থ শ্রেণির ছাত্র পবন যাদবকে আজ সকাল ১০টা নাগাদ পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ভর্তির পর তাকে দুটি ইনজেকশন দেওয়া হয়। এরপরই তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।

- Advertisement -

কলকাতা মেডিক্যাল কলেজে ১১ বছরের নাবালকের মৃত্যু

পবনের মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতিকেই দায়ী করেছে পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত নাবালকের পরিবারের কয়েকজন সদস্য পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘাত শুরু হয়।

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু

জানা গিয়েছে, আজ সকালে কলেজ স্ট্রিটে মামার বাড়িতে এসেছিল পবন। সেখানে পেটে ব্যথা অনুভব করায় সকাল ১০টা নাগাদ তাকে পাশেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, হাসপাতালে যাওয়ার সময় পবন নিজেই হেঁটে ভিতরে ঢুকেছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই, সকাল ১১টা নাগাদ, পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের প্রশ্ন, সাধারণ পেটে ব্যথা থেকে কীভাবে এমন পরিণতি হতে পারে? হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News