নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙচুর! কারা জড়িত, তদন্ত শুরু পুলিশের

-

নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তির ডান হাত ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে এখনও পর্যন্ত কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে রাজ্য সরকার।

কলকাতার বুকে ভাঙা হল নেতাজির মূর্তি

একজন ভারতীয় হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ঘিরে বাংলার রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ প্রকাশ্যে নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে গতকালই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নেতাজিকে অপমানের ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন। এরই মধ্যে অনন্ত মহারাজকে তৃণমূল সরকারের আমলে দেওয়া ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

- Advertisement -

তবে গতকাল মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটার আগেই কলকাতার বুকে ভাঙা হল নেতাজির মূর্তি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির একটি মূর্তির হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে কোনও দুষ্কৃতীরা ভাঙচুর করেছে মহান বিপ্লবীর এই মূর্তি। এমনকি বিজেপির নেতা-নেত্রীদের অভিযোগ, দুষ্কৃতীরাই এই অপকর্ম ঘটিয়েছে।

ঘটনাটির তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নেতাজির মূর্তি ভাঙার ঘটনায় কারা জড়িত, তা স্পষ্ট হয়নি। ঘটনার সূত্র খুঁজতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে মূর্তির পাদদেশে বিজেপি কর্মীরা জড়ো হয়ে স্লোগান দেন। তাঁদের দাবি, এদিন সকালে মূর্তিটির হাত ভাঙা অবস্থায় নজরে আসে। বিজেপি কর্মীরা জানিয়েছেন, ওই জায়গায় নতুন করে নেতাজির মূর্তি বসানো হবে এবং আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে নেতাজিকে শ্রদ্ধা জানানো হবে। নতুন মূর্তি বসানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ভাঙচুরের নেপথ্যে কারা রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Breaking News