বই নিয়ে ঝামেলার জের, সহপাঠীর গলায় ধারাল অস্ত্রের আঘাত! কলকাতার স্কুলে তোলপাড়

সাদিকুল খান, কলকাতাঃ দুই সহপাঠীর মধ্যে গোলমালের জেরে বন্ধুর গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। কলকাতার একটি নামী বেসরকারি স্কুলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত পড়ুয়া আগে থেকেই বিষয়টি নিয়ে খোঁজখবর ও পড়াশোনা করেছিল। কোন শিরায় আঘাত লাগলে দ্রুত মৃত্যু হতে পারে এবং নাবালক হওয়ায় শাস্তির ক্ষেত্রে কী সুবিধা পাওয়া যেতে পারে—এ ধরনের বিষয় নিয়েও সে তথ্য সংগ্রহ করেছিল বলে অভিযোগ। এরপরই সহপাঠীর উপর হামলার ঘটনা ঘটে বলে দাবি। আহত পড়ুয়ার গলায় ও বাঁ হাতের আঙুলে ক্ষতচিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর স্কুলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কী কারণে দুই পড়ুয়ার মধ্যে বিবাদ শুরু হয়েছিল এবং স্কুলের ভিতরে কীভাবে ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -

স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনার সময় ক্লাসরুমে শিক্ষকও উপস্থিত ছিলেন। আহত পড়ুয়ার রক্তপাত শুরু হলে শিক্ষকরা দ্রুত তাকে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যান। সেখানে নার্সরা প্রাথমিক চিকিৎসা করেন। এরপর সিনিয়র শিক্ষক ও কর্মীরা তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে পড়ুয়ার বাবা-মাও হাসপাতালে পৌঁছন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত পড়ুয়ার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে এবং তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে, হামলার অভিযোগ ওঠা পড়ুয়াকে সঙ্গে সঙ্গে ক্লাসরুম থেকে সরিয়ে নিয়ে স্কুলের মনোবিদরা তার কাউন্সেলিং করেন। পরে তার বাবা তাকে বাড়ি নিয়ে যান। ঘটনার পর গড়িয়াহাট থানায় রিপোর্ট দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।

ঘটনায় স্কুলের পড়ুয়া, শিক্ষক ও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং ঘটনায় প্রভাবিত পড়ুয়াদের মানসিক ও আবেগগত সুস্থতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পড়ুয়া ও কর্মীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ বজায় রাখার কথা জানিয়েছে স্কুল।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News