জানারুল খান, কলকাতাঃ দুপুরেই যেন সন্ধে নেমে এল বাংলায়! প্রবল বজ্রপাতের সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া-সহ বাংলার একাধিক এলাকায়। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক ঘণ্টাতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে যাঁদের বাড়ির বাইরে বেরোনোর পরিকল্পনা রয়েছে, তাঁরা অবশ্যই সঙ্গে ছাতা রাখুন এবং আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখুন।
ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায়
ছুটির দিন, তার উপর সামনে দুর্গাপুজো। জোরকদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ, পাশাপাশি পুজোর কেনাকাটাও তুঙ্গে। কিন্তু এর মধ্যেই আনন্দে জল ঢালতে হাজির কালো মেঘ ও বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী ১ থেকে ২ ঘণ্টা এই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে সব জায়গায় বৃষ্টির তীব্রতা একরকম নাও হতে পারে, স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে কোথাও বেশি, আবার কোথাও কম বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর থেকে বিকেলের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই চার জেলায় দুর্যোগের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
