জানারুল খান, কলকাতাঃ টানা কয়েক দিনের বৃষ্টির পর কিছুটা রোদ ঝলমলে আবহাওয়া দেখা গেলেও ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Kolkata Weather Updates)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে? (Kolkata Weather Updates)
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুনঃ ‘রাম’ নামেই আর বিক্রি করা যাবে না? FSSAI-এর আপত্তিতে আইনি জটিলতা
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। শহরে আর্দ্রতার পরিমাণও ছিল যথেষ্ট বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ। ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার থেকে বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ Poco F9 Ultra Review: 8050mAh ব্যাটারি ও 2.1 স্পিকার সেটআপে নজর কাড়বে এই ফোন
উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াও আরও সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাসে নিচু ও জলমগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
