তামান্না খান, কলকাতাঃ পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে জমির পরিমাণ ও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। কৃষকদের এই টাকা সাধারণত নির্ধারিত নিয়ম মেনেই দেওয়া হয়। তবে অনেক কৃষকেরই এখন প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে এবং কবে অ্যাকাউন্টে ঢুকবে?
কীভাবে করবেন স্ট্যাটাস চেক?
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার পর আপনার আবেদন অনুমোদন হয়েছে কিনা, ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা বা টাকা পাওয়ার ক্ষেত্রে কোনও আপডেট রয়েছে কিনা, তা এখন বাড়িতে বসেই অনলাইনে দেখে নিতে পারবেন। এর জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ অপশনে ক্লিক করে আধার কার্ড, ভোটার কার্ড বা EPIC, মোবাইল নম্বর, কৃষক বন্ধু আইডি অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর—এর মধ্যে যেকোনও একটি তথ্য নির্বাচন করে দিতে হবে। তারপর ক্যাপচা পূরণ করে Search/Submit অপশনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস এবং পেমেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেখা যাবে।
কোন স্ট্যাটাসের কী অর্থ?
স্ট্যাটাসে ‘Approved’ লেখা থাকলে বুঝতে হবে আপনার আবেদনটি অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে। আর ‘ADA Approved’ দেখা গেলে বোঝা যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আবার ‘Pending’ লেখা থাকলে বুঝতে হবে আবেদনটির কোনও একটি ধাপ এখনও বাকি রয়েছে এবং সেটি যাচাই বা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। অন্যদিকে, ‘Payment Clear’ বা ‘Transaction Success’ দেখা গেলে ধরে নিতে পারেন টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কিছু কৃষকের স্ট্যাটাসে ‘Present in PM Kisan’ লেখা দেখা যেতে পারে। এর অর্থ হল, সংশ্লিষ্ট কৃষকের নাম PM-Kisan প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় রয়েছে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশেই ২৫০০-এর বেশি সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি—‘Present in PM Kisan’ লেখা থাকার অর্থ হল সংশ্লিষ্ট কৃষকের নাম PM-Kisan প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় রয়েছে এবং এই তথ্যটি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের সময়ও বিবেচনায় এসেছে। তবে শুধু এই স্ট্যাটাস দেখেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা, তা নিশ্চিতভাবে বলা যায় না। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার বিষয়টি নির্ভর করবে পরবর্তী অনুমোদন এবং পেমেন্ট স্ট্যাটাসের উপর।
