সাদিকুল খান, কলকাতাঃ আসন্ন লক্ষ্মীপুজোকে ঘিরে বাজারে কেনাকাটা শুরু হলেও চিন্তা বাড়াচ্ছে বিভিন্ন পুজোর সামগ্রীর দাম। রান্নার চিনি থেকে শুরু করে পুজোর থালায় সাজানোর বাতাসা, নকুলদানা ও ছাঁচ কদমা—সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতারা(Sugar Price Hike)। পুজোর আনন্দের পাশাপাশি সংসারের খরচ সামলাতে গিয়ে চাপে পড়ছেন মধ্যবিত্ত পরিবারগুলি। ফলে বাড়তি খরচ এড়াতে পুজোর কেনাকাটার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন অনেকেই।
লক্ষ্মীপুজোর বাজারে মধ্যবিত্তের পকেটে টান
ব্যবসায়ীদের সূত্রে খবর, কিছুদিন আগেও বাজারে প্রতি কেজি চিনি প্রায় ৫০ টাকায় পাওয়া যেত। বর্তমানে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৫ টাকা। চিনির এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে লক্ষ্মীপুজোর বিভিন্ন সামগ্রীতেও। পুজোর থালা সাজাতে বাতাসা, নকুলদানা ও ছাঁচ কদমা ব্যবহারের দীর্ঘদিনের রীতি রয়েছে। কিন্তু দাম বাড়ায় সেই কেনাকাটাতেও কাটছাঁট করতে হচ্ছে ক্রেতাদের। আগে প্রতি কেজি বাতাসা ৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে হয়েছে ১০০ টাকা। একইভাবে দাম বেড়েছে নকুলদানা ও ছাঁচ কদমারও। শুধু পুজোর সামগ্রী নয়, চিনির দাম বাড়ায় বাড়িতে নারকেল নাড়ু তৈরির খরচও বেড়েছে।
প্যাকেটের ওজন কমিয়ে ক্রেতা ধরে রাখার চেষ্টা বিক্রেতাদের
বাজারে লাগামছাড়া দাম বৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন বিক্রেতারাও। ক্রেতাদের সাধ্যের মধ্যে পুজোর সামগ্রী বিক্রি করতে ব্যবসায়ীদের একাংশ প্যাকেটের ওজন কমাচ্ছেন, আবার কেউ কেউ সামগ্রীর আকার ছোট করে বাজার ধরে রাখার চেষ্টা করছেন। বিক্রেতাদের দাবি, বাজারে ভিড় থাকলেও আগের তুলনায় অনেক কম পরিমাণে পুজোর সামগ্রী কিনছেন সাধারণ মানুষ। কৃষ্ণনগরের এক ক্রেতা প্রদীপ মজুমদার আক্ষেপ করে বলেন, “বাতাসা, নকুলদানা, কদমা—লক্ষ্মীপুজোয় এগুলো লাগবেই। কিন্তু যেভাবে দাম বেড়েছে, তাতে আর ইচ্ছেমতো কেনা যাচ্ছে না। আগে যে টাকায় ব্যাগ ভর্তি করে পুজোর জিনিস কিনতে পারতাম, এখন সেই টাকায় অর্ধেক ব্যাগও ভরছে না।”
কৃষ্ণনগরের বাজারে লক্ষ্মীপুজোর কেনাকাটা নিয়ে উদ্বেগ
অন্যদিকে, কৃষ্ণনগর বাজারের বিক্রেতা গৌতম পাল বলেন, “আমরা ইচ্ছা করে দাম বাড়াচ্ছি না। পাইকারি বাজার থেকেই বেশি দামে সামগ্রী কিনতে হচ্ছে। প্রতিবছর লক্ষ্মীপুজোয় বাতাসা ও কদমার চাহিদা থাকে। এবারও চাহিদা রয়েছে, কিন্তু দাম বেশি হওয়ায় ক্রেতারা হিসেব করে এবং আগের তুলনায় কম পরিমাণে কিনছেন।” সব মিলিয়ে, একদিকে লক্ষ্মীপুজোর দীর্ঘদিনের রীতি বজায় রাখা, অন্যদিকে লাগামছাড়া দাম বৃদ্ধির চাপ—এই দুইয়ের মধ্যে পড়ে সমস্যায় কৃষ্ণনগর-সহ রাজ্যের বহু মধ্যবিত্ত পরিবার। পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়েও এখন খরচের হিসেব কষতে হচ্ছে তাঁদের।
