কুসুম দাস, কলকাতাঃ এখন বাংলার আকাশে শরতের নীলিমা, পেঁজা তুলোর মতো সাদা মেঘ আর মৃদুমন্দ বাতাসে মনোরম পরিবেশ তৈরি হয়েছে। তবে দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতেই ধীরে ধীরে আবহাওয়া শীতল হতে শুরু করবে। উত্তুরে হাওয়া বয়ে আনবে শীতের আগমনী বার্তা। বাংলায় শীত পড়তে এখনও কিছুটা সময় বাকি থাকলেও দেশের অনেক প্রান্তে ইতিমধ্যেই শীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলমারি থেকে বের করা হচ্ছে গরম জামাকাপড়, আর বিছানার স্টোরেজে তুলে রাখা লেপ ও কম্বলও ধীরে ধীরে বাইরে আনা হচ্ছে। বেশ কিছুদিন রোদে দেওয়ার পরই সেগুলো ব্যবহারযোগ্য হবে।
না কেচেই লেপ-কম্বল হবে পরিষ্কারের ঘরোয়া উপায়
আলমারি থেকে লেপ ও কম্বল বের করার পর প্রথমেই সেগুলির গায়ে জমে থাকা ধুলো ভালোভাবে ঝেড়ে নিন। এরপর পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস পাওয়ার জন্য বারান্দা বা ছাদে মেলে দিন। একটানা ৩ থেকে ৪ দিন আবহাওয়া অনুযায়ী রোদে ও খোলা বাতাসে রাখলে স্যাঁতসেঁতে ভাব কমতে পারে এবং দুর্গন্ধ দূর হতে সাহায্য করতে পারে। তবে প্রতিদিন রোদে দেওয়ার পরই সেগুলি আলমারিতে তুলে রাখবেন না।
১) বেকিং সোডাঃ লেপ ও কম্বল থেকে দুর্গন্ধ বের হলে তা দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। প্রথমে বেকিং সোডার সঙ্গে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি লেপ বা কম্বলের উপর ছড়িয়ে দিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দিন। তারপর ভ্যাকুয়াম ক্লিনার বা নরম ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। এতে লেপ ও কম্বলের ধুলো পরিষ্কার করতে এবং দুর্গন্ধ উভয়ই দূর করবে।
২) ভিনেগার ও জলের স্প্রেঃ লেপ ও কম্বলের দুর্গন্ধ দূর করতে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন। এর জন্য একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও জল মিশিয়ে নিন। এরপর লেপ ও কম্বলের উপর হালকাভাবে স্প্রে করে খোলা হাওয়ায় ভালোভাবে শুকিয়ে নিন। সম্ভব হলে কিছুক্ষণ রোদেও রাখতে পারেন। এতে দুর্গন্ধ কমতে সাহায্য করবে।
