জানারুল খান, কলকাতাঃ আপাতত শরৎ পেরিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হেমন্ত, বিদায় নিয়েছে বর্ষাও। তবে নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি বলেই খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আগামীকাল, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে। ফলে এখনই শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই। আগামী সপ্তাহে আবহাওয়ার কী পরিবর্তন হয়, সেদিকেই নজর রাখছেন রাজ্যবাসী।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার ক্ষেত্রেও বড়সড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর।
আগামীকাল কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামীকাল, শনিবার কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার রোদের দেখা মিলবে। আপাতত লক্ষ্মীপুজো পর্যন্ত এখানে বৃষ্টির পূর্বাভাস নেই। উল্টে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা কম অনুভূত হবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়া শুষ্ক ও মনোরম থাকবে। তবে আগামী সপ্তাহে উত্তরের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে আপাতত তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক ও স্বস্তিদায়ক থাকলেও, সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির কারণে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।
