সাদিকুল খান , কলকাতাঃ ফের ট্রাফিক ব্লকের জেরে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train Cancelled)। শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক (Traffic Block) থাকবে। শনিবার রাত থেকে শুরু হয়ে রবিবার সকাল পর্যন্ত চলবে এই কাজ। এর জেরে রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে সপ্তাহান্তে ট্রেনযাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হল এই ট্রেনগুলি
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ অগস্ট শনিবার রাত ১২টা থেকে ৩০ অগস্ট রবিবার সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ স্টেশনে পাওয়ার ব্লক চলবে। অর্থাৎ মোট ৪২০ মিনিট ধরে রক্ষণাবেক্ষণের কাজ হবে। এই সময় ডিএন/মেন লাইনে ২০৮বি/২১৯এ নম্বর পয়েন্টের পয়েন্ট কনভার্সনের কাজ করা হবে। ৫২ কেজি ডিএসএস-এর পরিবর্তে ৬০ কেজি ডিএসএস বসানোর পাশাপাশি ফিটিংস, ক্রসিং ও গ্লুড জয়েন্ট বদলের কাজ হবে। এছাড়াও গ্রাউন্ড ফিটিংস, জাম্পার ও বন্ডিংয়ের ডিসকানেকশন এবং রিকনেকশনের কাজ চলবে। রক্ষণাবেক্ষণের সময় ট্র্যাক সার্কিট ও নির্দিষ্ট সিগন্যালিং ব্যবস্থাতেও প্রভাব পড়বে। এর ফলে ৬ ও ১১ নম্বর লাইনের মধ্যে যাতায়াতকারী সিগন্যাল ব্যবস্থাও প্রভাবিত হতে পারে।
রবিবার কোন কোন লোকাল বাতিল?
রবিবার ট্রাফিক ব্লকের কারণে শিয়ালদহ-হাবড়া রুটের ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত রুটের ৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন, শিয়ালদহ-ডানকুনি রুটের ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন এবং শিয়ালদহ-রানাঘাট রুটের ৩১৬১৫ আপ ও ৩১৬২০ ডাউন লোকাল বাতিল থাকবে। এছাড়াও শিয়ালদহ-হাবড়া রুটের ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন লোকালও বাতিল করা হয়েছে।
ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত
এদিকে ৩০ অগস্ট ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকালও পুরো পথ চলবে না। ট্রেনটি দমদম জংশন পর্যন্ত চলবে এবং সেখানেই যাত্রা শেষ করবে। এরপর খালি রেকটি উপযুক্তভাবে শিয়ালদহে নিয়ে যাওয়া হবে।
কী জানিয়েছে রেল কর্তৃপক্ষ?
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ স্টেশনে ঘনঘন ঘোষণা এবং তথ্য প্রদর্শনের ব্যবস্থাও থাকবে। রেলের দাবি, এই পয়েন্ট কনভার্সনের কাজ শেষ হলে ট্র্যাক ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ট্রেন চলাচলের নিরাপত্তা বাড়বে। তাই ৩০ অগস্ট যাত্রার আগে ট্রেন পরিষেবা সংক্রান্ত সর্বশেষ তথ্য দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে শিয়ালদহ ডিভিশন।
