রাজ্যজুড়ে এখনও চলছে শ্রাবণের বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যত শক্তিশালী হচ্ছে, ততই বাড়ছে বৃষ্টির দাপট। আজ দিনভর কলকাতার বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এর জেরে জলজট, যানজট ও নিত্যযাত্রীদের ভোগান্তিও বেড়েছে। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের বাকি দিনগুলিতেও বৃষ্টির দাপট বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।
আগামীকাল কেমন থাকবে আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির জন্য জারি করা হয়েছে সতর্কতা। ফলে আগামীকালও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী চার জেলা—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, বাঁকুড়া-সহ অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের দিকের পাহাড়ি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তুমুল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে শনিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে।
