কাল থেকেই বদলাচ্ছে রান্নার গ্যাসের দাম? ঘরোয়া ও বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর জানুন

-

সাদিকুল খান, কলকাতাঃ প্রতি মাসের প্রথম দিনেই নতুন করে রান্নার গ্যাসের দাম প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (OMC)। আগামীকাল, ১ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে নতুন মাস, তাই ফের নজর গ্যাসের দামের দিকে। সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, বৈদেশিক মুদ্রার বিনিময় হার-সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মাসের শুরুতে LPG সিলিন্ডারের দাম সংশোধন করা হয়। তবে আজ, ৩১ আগস্ট পর্যন্ত ঘরোয়া ও বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এরই মধ্যে পশ্চিম এশিয়ায় ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিলে আগামীকাল থেকে গ্যাসের দাম বাড়বে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সেপ্টেম্বরে LPG-এর দাম বাড়বে নাকি কমবে?

সেপ্টেম্বরের শুরুতেই LPG-এর দাম বাড়বে কি না, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও তেলের মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে ভারতে বাণিজ্যিক LPG-এর দামে মিলেছে কিছুটা স্বস্তি। গত দু’মাস ধরে ধাপে ধাপে কমেছে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। ফলে সেপ্টেম্বর মাসেও দাম কমবে, নাকি ফের বাড়বে, অথবা বর্তমান দামই অপরিবর্তিত থাকবে—এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।

- Advertisement -

আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রভাব পড়বে LPG-তে?

এদিকে আমেরিকা ও ইরানের সংঘর্ষকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। আবারও ইরানকে নিশানা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার দাবি, হরমুজ প্রণালিতে হামলার ছক কষছিল ইরান। এই হামলায় ইরানের বহু সেনা ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তেহরান। পাল্টা জর্ডনে থাকা আমেরিকার দুটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। পশ্চিম এশিয়ার এই অশান্ত পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারেও। রবিবারই অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। ফলে এই পরিস্থিতির প্রভাব ভারতে LPG, পেট্রোল ও ডিজেলের দামে পড়ে কি না, এখন সেদিকেই নজর।

সেপ্টেম্বরের শুরুতে LPG-এর নতুন দাম কত হতে পারে?

গত দুই মাস ধরে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমিয়েছে  রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি। অন্যদিকে ১৪.২ কেজির গার্হস্থ্য LPG সিলিন্ডারের দামে জুন ২০২৬-এ বাড়ার পর থেকে পরিবর্তন  হয়নি। বর্তমানে দিল্লিতে ১৪.২ কেজির গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। মুম্বইয়ে তা ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা এবং চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা। অগাস্ট  মাসে  কমানো হয় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। দিল্লিতে এক ধাক্কায় ১৯২ টাকা কমে দাম দাঁড়ায় ২,৭৩৮ টাকা। কলকাতায় দাম কমে ২০৯ টাকা, ফলে নতুন দাম হয় ২,৮৭২.৫০ টাকা।

- Advertisement -

সেপ্টেম্বরে কী হতে পারে?

সেপ্টেম্বরে LPG-এর দাম বাড়বে নাকি কমবে, তা অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং জ্বালানি তেলের মজুতের উপর। বিশ্ববাজারে জ্বালানি তেলের মজুতের ঘাটতি আরও বাড়লে LPG-এর দাম বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত তেল বিপণন সংস্থাগুলির সিদ্ধান্তই দাম নির্ধারণ করবে। তাই সেপ্টেম্বরের শুরুতে OMC-গুলি নতুন দাম ঘোষণা করার দিকে এখন নজর আমজনতার। বিশেষ করে গার্হস্থ্য LPG-এর দাম অপরিবর্তিত থাকবে, নাকি নতুন করে বাড়বে—সেটিই এখন বড় প্রশ্ন।

Breaking News