সাদিকুল খান, কলকাতাঃ হাতে টাকা না থাকলেও দামি স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি—EMI-এর মাধ্যমে অনেক কিছুই কেনা সম্ভব। তবে রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না। এবার সেই ধারণাতেই বদল আসতে চলেছে। ভারত পেট্রোলিয়াম (BPCL) LPG সিলিন্ডার কেনার ক্ষেত্রে EMI সুবিধার ব্যবস্থা করছে বলে জানা গিয়েছে। ফলে একবারে পুরো টাকা না দিয়েও কিস্তিতে রান্নার গ্যাস কেনার সুযোগ মিলতে পারে। কিন্তু ঠিক কীভাবে এই LPG EMI সুবিধা পাওয়া যাবে, কারা পাবেন এবং এর জন্য কী কী শর্ত রয়েছে?
মাসের শেষে গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গিয়েছে, অথচ হাতে পর্যাপ্ত টাকা নেই—এমন পরিস্থিতিতে পড়তে হয় বহু পরিবারকে। এবার সেই সমস্যার কথা মাথায় রেখেই বড় পদক্ষেপ নিয়েছে ভারত পেট্রোলিয়াম। সংস্থার দাবি, রান্নার গ্যাস কেনার সময় পুরো টাকা একসঙ্গে হাতে না থাকলেও সিলিন্ডার নেওয়ার সুযোগ মিলবে। অর্থাৎ, নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে LPG-এর দাম কিস্তিতে পরিশোধ করা যাবে।
৬ মাসে কীভাবে EMI-এর টাকা পরিশোধ করবেন?
সংস্থার তরফে জানানো হয়েছে, LPG সিলিন্ডার নেওয়ার সময় গ্রাহককে পুরো টাকা একসঙ্গে দিতে হবে না। নির্দিষ্ট পরিমাণ অর্থ অগ্রিম দেওয়ার পর সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বাকি রাখার সুযোগ থাকবে। সেই বকেয়া টাকা EMI-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ, ৬ মাসে প্রতি মাসে ১০০ টাকা করে পরিশোধ করলেই ৬০০ টাকার বকেয়া মিটিয়ে দেওয়া যাবে।
কীভাবে মিলবে এই সুবিধা?
হাতে গ্যাসের পুরো দাম না থাকলে EMI এর মাধ্যমে রান্নার গ্যাস কিনতে চাইলে সরাসরি যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী ভারত পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটরের সাথে। আপনার এলাকার ডিস্ট্রিবিউটারকে সমস্ত বিষয়টা জানানোর পর তিনিই বলে দেবেন আপনি কীভাবে মাসিক কিস্তির মাধ্যমে রান্নার গ্যাস নিতে পারবেন। যদিও এখনই ভারতবর্ষের সব অঞ্চলের জন্য এই পরিষেবা চালু হয়নি।
