সাদিকুল খান, কলকাতাঃ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেশি থাকায় লোকসানের মুখে পড়েছে তেল বিপণনকারী সংস্থাগুলি। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) বর্তমানে প্রতিটি এলপিজি সিলিন্ডারে ২৪৫ টাকা করে লোকসান করছে বলে জানা গিয়েছে (LPG Cylinder)। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিকাশ কৌশলের মতে, আগামী নভেম্বর মাসে এই লোকসানের পরিমাণ বেড়ে ৩২৭ টাকা হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান অচলাবস্থা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এর ফলে তেল বিপণনকারী সংস্থাগুলির উপর আর্থিক চাপ বাড়ছে।
জুলাই থেকে সেপ্টেম্বর, এলপিজি বিক্রিতে ৫০০ কোটি টাকা ক্ষতি
এইচপিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের বক্তব্য অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি করে প্রায় ৫০০ কোটি টাকার লোকসান হয়েছে সংস্থার। বর্তমানে ইন্ডিয়ান অয়েল (Indian Oil), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (Bharat Petroleum) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (Hindustan Petroleum)—এই তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা বাজারদরের তুলনায় কম দামে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার বিক্রি করছে। এর ফলে প্রতিটি সংস্থাকেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তেল পরিবহনের খরচ দ্বিগুণেরও বেশি, বাড়ছে আর্থিক চাপ
তবে শুধু অপরিশোধিত তেলের উচ্চমূল্যই নয়, পণ্য পরিবহনের ক্রমবর্ধমান খরচও তেল বিপণনকারী সংস্থাগুলির জন্য বাড়তি চাপ তৈরি করছে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, সুয়েজম্যাক্স ট্যাংকারে তেল পরিবহনের ভাড়া প্রতি ব্যারেলে ৪ ডলার থেকে বেড়ে ৯ ডলারে পৌঁছেছে, যা দ্বিগুণেরও বেশি। পাশাপাশি, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা করছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)।
প্রসঙ্গত, এইচপিসিএল গত সপ্তাহে তাদের ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছে। কোম্পানিটি এই ত্রৈমাসিকে ৩,৬২৫.২২ কোটি টাকার নিট লাভ অর্জন করেছে। প্রথম ত্রৈমাসিকে কোম্পানিটির ১২,২৬৪.৬৭ কোটি টাকার লোকসান হয়েছিল। উল্লেখ্য, কোম্পানির মুনাফা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৬.১ শতাংশ কমেছে। এক বছর আগের একই ত্রৈমাসিকে কোম্পানির লাভ (কর পরবর্তী) ছিল ৩,৮৫৯ কোটি টাকা। অন্যদিকে, কোম্পানির পরিচালন আয় গত বছরের তুলনায় ২৬.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৩৯,১৪০ কোটি টাকা হয়েছে। কোম্পানিটি গত বছর ১,১০,৩২৩ কোটি টাকা আয় করেছিল।
